হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিনাশ এবং ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী।
জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে জিলা স্কুল প্রাঙ্গণ থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বগুড়া সদর ও পৌর এলাকার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।

শোভাযাত্রায় নারী-পুরুষ নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন। পরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিনাশ এবং ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়।
এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মতো বগুড়াতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, “বাংলাদেশ সবার। এই বাংলাদেশ হবে মানবিকতা, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়।”
তিনি বলেন, “নতুন করে একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না। সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলে নতুন প্রজন্মের হাতে তা তুলে দিতে চাই।”
বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, বগুড়া মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ ও সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলোক রায়।