× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিনারের ছায়াতলে জ্বলে জ্ঞানের দীপ

মাশরুর মুর্শেদ, খুলনা

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৮ এএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১০ পিএম

খুলনার মুসলমানপাড়ায় দৃষ্টিনন্দন তালাবওয়ালা জামে মসজিদ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার মুসলমানপাড়ায় দৃষ্টিনন্দন তালাবওয়ালা জামে মসজিদ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দূর থেকে তাকালে মনে হয় আকাশ ছুঁতে চায় সাদা কোনো মিনার। কাছে গেলে চোখে পড়ে সাদা টাইলসে মোড়ানো সুউচ্চ স্থাপনা। দিনের আলোয় যার গায়ে খেলা করে আলোর ছটা আর রাত নামলে বর্ণিল আলোকসজ্জায় বদলে যায় তার রূপ। প্রধান ফটক তালাবওয়ালা শাহী গেট পেরিয়ে ভেতরে ঢুকলেই চারপাশের সবুজের সঙ্গে স্থাপত্যের এক নীরব সহাবস্থান চোখে পড়ে। অর্কিড, বনসাই, সাইকাস, পাইনাসসহ নানা শোভাবর্ধক গাছের ফাঁকে দাঁড়িয়ে থাকা মসজিদটি খুলনার মুসলমানপাড়ার তালাবওয়ালা জামে মসজিদ।

২২৬ ফুট উচ্চতার মিনার, চারটি গম্বুজ, কারুকাজ, আলোকসজ্জা ও বাগানের সমন্বয়ে মসজিদটি নগরের অন্যতম দৃষ্টিনন্দন ধর্মীয় স্থাপনায় পরিণত হয়েছে। মসজিদের পাশেই রয়েছে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা। ১৯৬৭ সালে আল্লামা শামছুল হক ফরিদপুরীর (রহ.) অনুপ্রেরণায় বিশিষ্ট সমাজসেবক মরহুম আবদুল হাকিম জমাদ্দারের পৃষ্ঠপোষকতায় মাওলানা মুজিবুর রহমান (রহ.) প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। দারুল উলুম দেওবন্দের মূলনীতির আলোকে পরিচালিত হয়ে আসছে মাদ্রাসাটি।

সময় গড়ানোর সঙ্গে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রমও বিস্তৃত হয়েছে। ১৯৭৯ সালে চালু হয় দাওরায়ে হাদিস। ২০০০ সালে চালু করা হয় ইসলামী আইন গবেষণা অনুষদ (ইফতা) ও তাফসির বিভাগ। বাংলা ভাষার পাশাপাশি এখানে আরবি, উর্দু ও ফার্সি শেখানো হয়। 

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুশতাক আহমদ বলেন, বর্তমানে মাদ্রাসাটিতে দেড় হাজারের অধিক ছাত্র রয়েছে। এর মধ্যে প্রায় ৭০০ ছাত্র আবাসিক। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা মাদ্রাসা কর্তৃপক্ষই করে থাকে। কোনো সরকারি সাহায্য ছাড়াই মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে।

২০২১ সালের তথ্য অনুযায়ী তখন মাদ্রাসায় ৪৮ জন শিক্ষক ও প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী ছিলেন। এ পর্যন্ত ইসলামী আইনের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী এবং তাফসির বিভাগ থেকে ডিগ্রি নিয়েছেন প্রায় এক হাজার জন। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সাবেক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুফতি মুনসুরুল হক, জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার অধ্যক্ষ মুফতি মাহমুদুল হাসান এবং একই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব মাওলানা হুমায়ুন কবির।

মসজিদের স্থাপত্যের পাশাপাশি এর অভ্যন্তরীণ সাজসজ্জাও দৃষ্টিনন্দন। রয়েছে আধুনিক ফিটিংস, লাইট, কাঠের কারুকাজ, অজুখানা ও গোসলখানা। বসে নামাজ আদায়কারীদের জন্য নারকেল ও তালগাছের গোড়া দিয়ে তৈরি করা হয়েছে প্রায় ২০টি চেয়ার। দেয়ালে শোভা পাচ্ছে হরিণের চামড়ার ওয়ালমেট, যাতে খোদাই করা রয়েছে কুরআন ও হাদিসের বাণী। মসজিদে একসঙ্গে প্রায় দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। 

মসজিদের খতিব মাওলানা মোশাররফ হুসাইন বলেন, জুমার দিন একতলা, দোতলা, তিনতলা ও সামনের মাঠ মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। তার ভাষ্য, প্রতি শুক্রবার এখানে ঈদের মতো পরিবেশ তৈরি হয়। মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন, সেজন্য মসজিদটি রাতেও তালাবদ্ধ করে রাখা হয় না।

মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইমাম হোসাইন বলেন, এই মাদ্রাসা ও মসজিদের সুনাম রয়েছে। এখানকার ছাত্ররা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন। এখানকার লেখাপড়ার মানও ভালো। মুসল্লিদের আগ্রহভরে নামাজ আদায়ের পরিবেশ তৈরি করতে মসজিদের ভেতর গাছপালা দিয়ে সাজানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা