× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রী চলে যাওয়ার ক্ষোভে শ্যালককে হত্যার অভিযোগ, কঙ্কাল উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৩ এএম

উদ্ধারকৃত কঙ্কাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উদ্ধারকৃত কঙ্কাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর থেকে নিখোঁজের এক মাস পর মাদারীপুরের রাজৈর উপজেলার একটি ডোবা থেকে সৌরভ আহমেদ (২০) নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

স্ত্রী নুপুর তার শ্যালক সৌরভের বন্ধু জাহাঙ্গীরের সঙ্গে চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে সৌরভকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বোনের স্বামী রবিউল ইসলামের বিরুদ্ধে। 

এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে রবিউল ও শাহিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর দত্ত বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত সৌরভ জামালপুর সদর উপজেলার তিতপল্যা খাকুরীপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুরের গণি মুন্সীরটেক এলাকায় আব্দুস সাত্তারের বাড়িতে ভাড়ায় থাকতেন। 

গ্রেপ্তার রবিউল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মুরাগাছা গ্রামের আনারুল ইসলামের ছেলে এবং শাহিন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার জোড়গাঁও গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট গাজীপুরের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন সৌরভ। এ ঘটনায় তার মা কাকলী বেগম সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তিনি হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা করেন। জিডির তদন্তে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে সৌরভের সর্বশেষ অবস্থান শনাক্ত করে পুলিশ।

পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে মাদারীপুরের টেকেরহাট ও সাতক্ষীরা সদর এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের সহায়তায় সৌরভকে হত্যার কথা স্বীকার করেন।

পুলিশ আরও জানায়, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহিনকেও গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতে, রাজৈরের হোসেনপুর ইউনিয়নের উত্তর বিদ্যানন্দি এলাকার একটি ডোবা থেকে সৌরভের কঙ্কালের অংশবিশেষ ও পরনের কাপড় উদ্ধার করা হয়।

তদন্ত কর্মকর্তা দীপঙ্কর দত্ত জানান, প্রায় চার বছর আগে রবিউলের সঙ্গে সৌরভের ছোট বোন নুপুরের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে। পরে নুপুরের সঙ্গে সৌরভের বন্ধু জাহাঙ্গীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তিনি রবিউলের সংসার ছেড়ে জাহাঙ্গীরের সঙ্গে চলে যান। এর জের ধরে রবিউল ও শাহিন সৌরভকে হত্যার পরিকল্পনা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ৩ আগস্ট কৌশলে সৌরভকে গাজীপুর থেকে মাদারীপুরের টেকেরহাটে নিয়ে যাওয়া হয়। সেখানে শাহিনকে ৮ হাজার টাকায় হত্যার চুক্তি করা হয়। পরে চারজন মিলে তাকে ডোবার কাছে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর লাশের টুকরোগুলো ডোবার কচুরিপানার নিচে ফেলে রাখা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা