নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক রফিকুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পর গত বুধবার রাতে মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। রফিকুল মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বরুনদা গ্রামের বাসিন্দা। তিনি মুসলিমনগরের তাহসিনুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকালে মুসলিমনগর এলাকার এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে মাদ্রাসার ‘এক শিক্ষার্থীকে শিক্ষক ধর্ষণ করেছেন’ বলে জানান। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী প্রায় এক বছর আগে কোরআন হেফজ করার জন্য ওই মাদ্রাসায় ভর্তি হয়। অভিযোগ রয়েছে, ভর্তির পর থেকেই রফিকুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। গত ৩১ আগস্ট রাতে ফের নির্যাতনের শিকার হওয়ার পর শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন বলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।