নাটোর প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪১ পিএম
নাটোর সদর উপজেলায় ছুরিকাঘাত ও মাথায় আঘাত করে আনোয়ারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে খুন করেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাটোর সদর উপজেলায় ছুরিকাঘাত ও মাথায় আঘাত করে আনোয়ারুল ইসলাম (৬০) নামের এক হোমিও চিকিৎসককে খুন করেছে দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে তার নিজ চেম্বারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা। নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার দাসমারিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে চেম্বারে পড়ে থাকতে দেখে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর হাসপাতালের চিকিৎসক মাইনুল হক রিকো জানান, আনোয়ারুল ইসলামের বুকে ও হাতে ধরালো অস্ত্রের আঘাতসহ মাথায় ভারী কোনো কিছুর আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তিন দশকের বেশি সময় হোমিওপ্যাথি চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত তিনি।
নাটোর থানার ওসি মনসুর আহমেদ জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর বাজারে নিহতের নিজ চেম্বারে কে বা কারা তাকে ছুরিকাঘাত ও আঘাত করে পালিয়ে যায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত রেখেছে।