জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৮ পিএম
জামালপুর জেলা প্রশাসকের সুনির্দিষ্ট আশ্বাসে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুর জেলা প্রশাসকের সুনির্দিষ্ট আশ্বাসে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টার আলোচনা শেষে তারা আন্দোলন প্রত্যাহারসহ অনির্দিষ্টকালের চলা বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
ধর্মঘট প্রত্যাহারের পরপরই জামালপুর-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ এবং জামালপুর-টাঙ্গাইলসহ দূরপাল্লার সব রুটে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে।
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আমাদের মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ১১ দফা দাবিতে আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে এই অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছিল। এই ধর্মঘটের কারণে ভোর থেকে টার্মিনালে এসে ঢাকাগামী সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। জনভোগান্তির বিষয়টি বিবেচনায় ডিসি মহোদয় আলোচনার আমন্ত্রণ জানান। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে প্রশাসন আমাদের ১১ দফা দাবি মেনে নিয়ে দুয়েক দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আশ্বাসের ওপর আস্থা রেখে আমরা আন্দোলন ও ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট রাতে জামালপুর সদর উপজেলার লাহাড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হন। এই ঘটনার প্রতিবাদে গত বুধবার দুপুরে সদর উপজেলার নান্দিনা বাজারে স্থানীয় ছাত্র-জনতার ব্যানারে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, ওই বিক্ষোভ কর্মসূচি চলাকালে রাজীব পরিবহনের দুটি বাস আটকে যাত্রীদের নামিয়ে নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে নিয়ে ভাঙচুর করা হয়। এ সময় বাসের চালক ও সহকারীদের মারধরের ঘটনাও ঘটে। এই হামলার প্রতিবাদ ও চালক-শ্রমিকদের নিরাপত্তার দাবিতে গতকাল ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল পরিবহন সংগঠনগুলো।