চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৩ পিএম
গ্যাস সংকট ও ভাড়া সমন্বয়ের দাবিতে চট্টগ্রাম নগরের ৩ নম্বর রুটের মিনিবাস চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকেরা। বৃহস্পতিবার মুরাদপুর এলাকায় এ রুটের কোনো গাড়ি চলতে দেখা যায়নি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম নগরে গ্যাস সংকটের অজুহাতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের মধ্যেই এবার ভাড়া আরও বাড়ানোর দাবিতে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন ৩ নম্বর রুটের মিনিবাস মালিক ও শ্রমিকেরা।
বৃহস্পতিবার সকাল থেকে নিউমার্কেট-মুরাদপুর-বিশ্ববিদ্যালয় রুটের এই পরিবহনগুলো বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বৃহস্পতিবার সকালে মুরাদপুর এলাকায় গিয়ে দেখা যায়, ৩ নম্বর রুটের কোনো মিনিবাস চলছে না। তবে একই রুটে টেম্পো ও ম্যাক্সিমাসহ অন্যান্য ছোট যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। গণপরিবহন সংকটে অনেক যাত্রীকে বাধ্য হয়ে বিকল্প যানে কয়েক গুণ বেশি ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে। মুরাদপুর থেকে নিউমার্কেট যেতে সাধারণ বাসে ১০ টাকা ভাড়া হলেও সিএনজিচালিত অটোরিকশায় একেকজন যাত্রীকে ১৮০ টাকা পর্যন্ত গুণতে হচ্ছে।
মুরাদপুর এলাকার বাসিন্দা মেহেরাজ উদ্দিন বলেন, “গত এক মাস ধরে গ্যাস সংকটের কথা বলে ৫ টাকার ভাড়া ১০ টাকা, ১০ টাকার ভাড়া ১৫ টাকা নেওয়া হচ্ছে। আজ সকাল থেকে দেখি ভাড়া বৃদ্ধির দাবিতে গাড়িই বন্ধ। যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
সকালে কিছু মিনিবাস চলাচল করলেও মাঝপথে ভাড়া নিয়ে বনিবনা না হওয়ায় যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
পরিবহন মালিকদের দাবি, গ্যাস সংকটের কারণে তাদের পরিচালন ব্যয় বেড়ে গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, ডিজেলচালিত বাসের ভাড়া নির্ধারিত থাকলেও গ্যাসচালিত হিউম্যান হলারের ভাড়া ২০১১ সালের পর আর সমন্বয় করা হয়নি। ফলে ৩, ৭, ৮ ও ১০ নম্বর রুটের ভাড়া নিয়ে বিশৃঙ্খলা চলছে।
তিনি আরও জানান, গ্যাস নিতে পাম্পে চার-পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হওয়ায় ট্রিপের সংখ্যা কমে গেছে। তিনি দ্রুত ভাড়ার তালিকা প্রকাশ এবং গণপরিবহনকে গ্যাস প্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।
এদিকে গাড়ি চলাচল বন্ধ রাখা অন্যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রামের উপপরিচালক মো. সানাউল হক। তিনি বলেন, গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে স্থানীয়ভাবে ভাড়া বাড়ানো বা কমানোর কোনো সুযোগ নেই। এভাবে জনভোগান্তি সৃষ্টি করা আইনত ঠিক নয়।