হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫২ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৩ পিএম
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।
তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয়
সংসদের অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম মণির প্রস্তাবক্রমে কণ্ঠভোটে এ কমিটি গঠন করা
হয়।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির
রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জি কে গউছ ছাত্ররাজনীতি দিয়ে শুরু করে যুবদল, জেলা বিএনপি
এবং কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দীর্ঘদিন
হবিগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৬৮ সালের ২০ এপ্রিল হবিগঞ্জ শহরের
শায়েস্তানগর এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জি কে গউছ। তার পিতা
বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া এবং মাতা মরহুমা আলহাজ্ব মঞ্জিলা
বেগম।
১৯৮৪ সালে এসএসসি পাস করে হবিগঞ্জ বৃন্দাবন
সরকারি কলেজে ভর্তি হন তিনি। একই কলেজ থেকে বিএ পাস করেন। কলেজে ভর্তি হওয়ার পরপরই
জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন এবং কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব
পান। পরবর্তীতে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৭ সালে জাতীয়তাবাদী
ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এরপর ১৯৯৪ সালে হবিগঞ্জ পৌর যুবদলের সভাপতি, ১৯৯৫
সালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং ১৯৯৬ সালে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত
হন। পরবর্তীতে হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে যুবদলের
কেন্দ্রীয় সহ-সমবায় বিষয়ক সম্পাদক নির্বাচিত হন তিনি।
২০০৪ ও ২০১১ সালে হবিগঞ্জ জেলা বিএনপির
সাধারণ সম্পাদক নির্বাচিত হন জি কে গউছ। পরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
এবং ২০১৬ সালে জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক মনোনীত হন। ২০২৪ সালে বিএনপির
সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
রাজনীতির পাশাপাশি স্থানীয় সরকারেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। ২০০৪ সালে হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কারাগারে থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিয়ে টানা তৃতীয়বারের মতো হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন।