ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১২ পিএম
ভোলা প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মিডিয়া গণতন্ত্রের অন্যতম স্তম্ভ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপ করেও ফ্যাসিস্টরা রক্ষা পায়নি। আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেও শেষ পর্যন্ত রক্ষা পাবে না। অতীতে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং অনেক গণমাধ্যম কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে; কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।
ভোলা প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সংবাদপত্রের বিষয়টি সব সময় উন্মুক্ত। কাউকে জোর করে কিংবা চাপ প্রয়োগ করে ভালো সাংবাদিক বা ভালো গণমাধ্যম তৈরি করা যায় না; ভালো হতে হয় নিজের যোগ্যতা ও দায়িত্ববোধ থেকেই। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা পাশে থাকবেনÑ এটাই প্রত্যাশা। একই সঙ্গে জনগণের উন্নয়নের জন্য সরকারের বরাদ্দ যথাযথভাবে বিতরণ হচ্ছে কি না এবং তা টেকসই উন্নয়নে কাজে লাগছে কি না, সাংবাদিকদের সেদিকেও নজর রাখতে হবে। তবে অযথা বা অহেতুক কারও সম্মানহানি হয়Ñ এমন কিছু যেন কলমের মাধ্যমে না ঘটে, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তরুণ সমাজকে রক্ষায় মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পার্থ বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা নিতে হবে। অন্যথায় আগামী প্রজন্মকে রক্ষা করা কঠিন হবে।
তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে বেড়ে উঠেছি। আপনারাই বলেন, আমার বাবা মরহুম নাজির রহমান মঞ্জু ভোলার উন্নয়নের রূপকার। আমি তারই সন্তান। ভোলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। আমার কাছে কোনো দল-মত নেই, আমি সবার, সবাই আমার।’ ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, রাস্তাঘাটসহ উন্নয়নমূলক সব কাজ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু শুভেচ্ছা বক্তব্য দেন। জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা বক্তব্য দেন। সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় ভোলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।