মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৬ পিএম
কিশোরগঞ্জ শহরে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে ঐক্যবদ্ধ হয়েছেন ২২টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের ১০১ নেতা-কর্মী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে ঐক্যবদ্ধ হয়েছেন ২২টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের ১০১ নেতা-কর্মী। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং ঘুষ-দুর্নীতি প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার পাশাপাশি প্রয়োজনে সম্মিলিতভাবে আন্দোলন গড়ে তোলার শপথ নিয়েছেন তারা।
কিশোরগঞ্জ শহরের একটি অভিজাত হোটেলের কনভেনশন হলে বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ শপথ নেওয়া হয়।
সনাক, কিশোরগঞ্জের সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন টিআইবির ঢাকা ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান, মো. মাহা-উল হক, অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি, সনাকের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, অ্যাডভোকেট আবুল কাসেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও কার্যকর ও গতিশীল করা, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় পরিচালিত দুর্নীতিবিরোধী কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে এসব কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে মতামত দেন।
বক্তারা বলেন, দুর্জয় তারুণ্যই দুর্নীতিকে রুখে দিতে পারে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শুধু আলোচনা নয়, বাস্তবভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে। বিশেষ করে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তরুণদের অংশগ্রহণ আরও ব্যাপকভাবে বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।
তারা বলেন, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, নাগরিকদের সরকারি সেবা গ্রহণে সহযোগিতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিকভাবে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে শুধু সরকারি প্রতিষ্ঠান বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
টিআইবির ঢাকা ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান বলেন, “তরুণদের মাধ্যমেই দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে তরুণদের বিকল্প নেই। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নাগরিকদের সম্মিলিত উদ্যোগই পারে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে।”
সভায় সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বিস্তৃত ও কার্যকর করতে ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ২২টি সংগঠনের শতাধিক তরুণ-তরুণী ও স্বেচ্ছাসেবী। পরে তারা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং দুর্নীতি প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের শপথ নেন।