× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিন পুষ্টিকর খাবার পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: শিক্ষা প্রতিমন্ত্রী

খুলনা অফিস

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮ পিএম

খুলনার দ্য গ্র্যান্ড খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার মতবিনিময় সভা শেষে সমগবাদ সম্মেলন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার দ্য গ্র্যান্ড খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার মতবিনিময় সভা শেষে সমগবাদ সম্মেলন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন,  শুধু বই-খাতা নয়, স্কুলেই শিশুদের পুষ্টির ঘাটতি পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী ২০২৭ সাল থেকে দেশের প্রায় ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে প্রতিদিন পুষ্টিকর খাবার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এরই মধ্যে দেশের ১৫০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে তিন লাখের বেশি শিক্ষার্থীকে প্রতিদিন এক বেলা খাবার দেওয়া হচ্ছে। নানা ত্রুটি কাটিয়ে পরীক্ষামূলক প্রকল্পটি এখন প্রায় জিরো এরর এর পর্যায়ে পৌঁছেছে।

বৃহস্পতিবার দুপুরে খুলনার দ্য গ্র্যান্ড খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি বিষয়ে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষামূলক কর্মসূচি বাস্তবায়নে শুরুতে খাবার সরবরাহ ও মান নিয়ে কিছু সমস্যা ছিল। এখন অধিকাংশ সমস্যার সমাধান হয়েছে। খুলনার পাইকগাছা উপজেলায় এ কর্মসূচির আওতায় রয়েছে ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা করে সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, কোনো বিদ্যালয়ে নিম্নমানের খাবার বা অপরিপক্ব কলা সরবরাহ করা হলে তা গ্রহণ না করে ফেরত দেওয়ার বিধান রয়েছে। পচা খাবার সরবরাহের অভিযোগ উঠলে ২৪ ঘণ্টার মধ্যে তা পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার ফলের ভিত্তিতে সংশ্লিষ্ট দরপত্র বা সরবরাহ আদেশ বাতিল করা হবে।

তিনি বলেন, গত আড়াই মাসে নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ঈদুল আজহার পর থেকে দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি পাইকগাছার কর্মসূচিতেও ত্রুটি প্রায় শূন্যের কোঠায় এসেছে। এ অভিজ্ঞতার ভিত্তিতে ২০২৭ সালে দেশব্যাপী কর্মসূচি চালুর বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।

প্রাথমিক শিক্ষার মান নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতীতে সরকারি প্রাথমিক শিক্ষার মান কমেছে। শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ, নতুন শিক্ষক নীতি, পাঠ্যক্রম এবং পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন এনে এ অবস্থার উন্নয়নে কাজ চলছে। প্রায় ১৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে। তাদের আগামী ডিসেম্বরের মধ্যে শ্রেণিকক্ষে পাওয়ার আশা করা হচ্ছে। একই সঙ্গে মামলা জটিলতায় আটকে থাকা প্রায় ৩৪ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগও পুনরায় শুরু হবে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে শিক্ষক সংকট পূরণের লক্ষ্য রয়েছে।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষক বদলি বা অবৈধভাবে পদায়নের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রমাণ ছাড়া কাউকে হয়রানি করা হবে না। তবে কোনো শিক্ষকের পদায়ন অবৈধ প্রমাণিত হলে তা পর্যালোচনা করে বাতিল করা হবে এবং তাকে আগের কর্মস্থলে ফেরত পাঠানো হবে। নতুন শিক্ষক নীতিতে যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে বদলি ব্যবস্থা চালুর কথাও জানান তিনি।

শিক্ষকদের হাজিরা ফাঁকি ঠেকাতে ভবিষ্যতে ইআরপি ব্যবস্থার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও শ্রেণিকক্ষে পাঠদান সবকিছুর তথ্য নজরদারিতে আনার পরিকল্পনা রয়েছে। আপাতত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে উপস্থিতির তথ্য দিচ্ছেন।

খুলনায় নিম্নমানের বিদ্যালয় ভবন নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অনেক ভবনের নকশা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই অনুমোদিত হয়েছিল। ভবিষ্যতে এমন ভুল যাতে না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বটিয়াঘাটার শশীভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি একটি বড় কোম্পানি দখল করেছে এমন অভিযোগের বিষয়ে তিনি লিখিত তথ্য চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসকের নজরে বিষয়টি আনার আশ্বাস দেন। একই উপজেলার জাতীয় পর্যায়ে একাধিকবার সেরা মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও শিক্ষক সংকটের বিষয়েও জেলা শিক্ষা কর্মকর্তাকে নতুন ভবন নির্মাণের সুপারিশে বিদ্যালয়টির নাম অন্তর্ভুক্ত করতে বলেন।

প্রাথমিক শিক্ষকদের পৃথক বেতন স্কেল প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নতুন শিক্ষক নীতি নিয়ে কাজ চলছে। এটি শুধু বিবেচনাধীন নয়, সক্রিয়ভাবে প্রক্রিয়াধীন। তিনি বলেন, নতুন নীতিতে দেশের কোনো প্রাথমিক শিক্ষক হতাশ হবেন না।

উপকূলীয় ও দুর্গম এলাকায় শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়ার বিষয়েও পরিকল্পনা রয়েছে। স্থানীয় প্রশাসন কোনো এলাকাকে শিক্ষকদের জন্য দুর্গম হিসেবে চিহ্নিত করে যৌক্তিকতা তুলে ধরতে পারলে বিশেষ ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

ইংরেজিতে শিক্ষার্থীদের দুর্বলতার কথা উল্লেখ করে তিনি বলেন, সমস্যা শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়, কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রতিষ্ঠানেও রয়েছে। ভবিষ্যতে প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগ না দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া বিষয় চালুর ক্ষেত্রে সংস্কৃতি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশিক্ষক-কোচদের কাজে লাগানো, আগ্রহী বর্তমান শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া এবং প্রয়োজন হলে স্থানীয়ভাবে প্রশিক্ষিত শিক্ষক সাময়িকভাবে নিয়োগের বিষয়েও কাজ চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা