খুলনা অফিস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৯ পিএম
সন্ত্রাসী গ্রেনেড বাবুর নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
খুলনা মহানগরীতে বি কোম্পানি ও সন্ত্রাসী গ্রেনেড বাবুর নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খান নামে এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের
দাবি, ৭-৮টি সিম ও বিকাশ নম্বর ব্যবহার করে একাই বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে
চাঁদা দাবি করতেন তিনি। টাকা না দিলে হত্যা ও পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেওয়া
হতো।
বৃহস্পতিবার বেলা ১১টায় কেএমপি ডিবি কার্যালয়ে
সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান।
পুলিশ জানায়, গত কয়েক মাসে সোনাডাঙ্গা সদর ও খালিশপুর থানায় সন্ত্রাসী গ্রুপের নাম
ব্যবহার করে চাঁদা দাবির ঘটনায় একাধিক সাধারণ ডায়েরি হয়েছে থানায়। অভিযোগ বিশ্লেষণ
করে কয়েকটি মোবাইল নম্বর শনাক্ত করা হয়। এসব নম্বর থেকে সন্ত্রাসী গ্রেনেড বাবুর নাম
ব্যবহার করে টাকা দাবি এবং না দিলে হত্যার হুমকি দেওয়ার তথ্য পাওয়া যায়। হুমকির সময়
ভুক্তভোগীদের সন্তানদের সম্পর্কেও তথ্য উল্লেখ করা হতো। সন্তানরা বাইরে বের হলে জীবিত
ফিরবে না- এমন হুমকিও দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
তদন্তের একপর্যায়ে চট্টগ্রামের হালিশহরে হাসিবের অবস্থান শনাক্ত করে ডিবি। গত ১ সেপ্টেম্বর
রাত ৮টা ৪০ মিনিটে নীলাচল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার
কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ছয়টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইসের কললিস্ট
ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ চলছে।
পুলিশ জানায়, চাঁদাবাজির শিকার ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, হোমিও চিকিৎসক, কলেজ শিক্ষক
ও ব্যবসায়ী রয়েছেন। আদ্-দীন হাসপাতালের একজন চিকিৎসক এবং আরএফএল গ্রুপের একজন ব্যবসায়ী
ও ম্যানেজারও তাদের মধ্যে রয়েছেন। কয়েকজন ভুক্তভোগীর বক্তব্য এবং হুমকির অডিও রেকর্ড
পেয়েছে পুলিশ।
ডিবির দাবি, হাসিব এক সময় খুলনার কথিত সন্ত্রাসী আশিকের সহযোগী ও ব্যক্তিগত দেহরক্ষী
ছিলেন। পরে চট্টগ্রামে গিয়ে হালিশহরে মুরগির দোকান ভাড়া নিয়ে ব্যবসায়ী পরিচয়ে থাকতেন।
বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নম্বর সংগ্রহ করে ফোনে চাঁদা চাইতেন।
তবে পুলিশের ভাষ্য, হাসিবের সঙ্গে সন্ত্রাসী গ্রেনেড বাবুর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
এমনকি ওই গ্রুপ তাকে চেনেও না।
ডিবির কর্মকর্তা বলেন, ফোনে হুমকি দিয়ে চাঁদা চাইলে আতঙ্কিত হয়ে টাকা না দিয়ে দ্রুত
পুলিশকে জানাতে হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।