প্রায় চার ঘণ্টার উদ্ধার অভিযান শেষে শামীমকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া কাভার্ড ভ্যানের ভেতর প্রায় চার ঘণ্টা আটকে থাকা চালক শামীমকে (২৫) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফাজিলপুরের খাইয়ারা সংলগ্ন জেনিথ পাম্পের বিপরীত এলাকায় বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া চালক শামীম পটুয়াখালীর দশমিনা উপজেলার ইদ্রিস আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে ‘রহিম ইন্ডাস্ট্রিজ’-এর প্রায় ২১ টন ভারী স্ক্র্যাপ ও লোহার মালামাল নিয়ে কাভার্ড ভ্যানটি ঢাকার কাঁচপুরের উদ্দেশে যাচ্ছিল। ফাজিলপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপে পড়ে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনার পর চালকের সহকারী দ্রুত বের হতে পারলেও ভেতরে আটকা পড়েন শামীম।
হাইওয়ে পুলিশের একটি টহল দল গাড়িটি দেখে এগিয়ে গেলে তার আকুতি ও চিৎকার শুনতে পায়। পরে পুলিশ দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফাজিলপুর হাইওয়ে থানার এসআই এম. এ. ইমরান হোসেন জানান, সকালে টহলের সময় গাড়িটি উল্টে থাকতে দেখে তারা এগিয়ে যান। চালকের অবস্থা আশঙ্কাজনক বুঝে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে শামীমকে জীবিত ও নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশা বলেন, গাড়িতে ২১ টন লোহার মালামাল থাকায় এবং সেটি দুমড়েমুচড়ে যাওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছে।
দীর্ঘ চেষ্টার পর চালককে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি।