মোহাম্মদ ছায়েদুর রহমান। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নগরের উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে বুধবার রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত তদন্ত শুরু হয়েছে।
প্রায় দুই বছর আগে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান ছায়েদুর রহমান। তার তিন মেয়ে। বড় মেয়ে প্রকৌশলী এবং ঢাকায় থাকেন। ছোট মেয়ে ঢাকায় এমবিবিএস পড়ছেন। মেজ মেয়ে চিকিৎসক ও চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
পুলিশ ও সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে একটি সভায় উপস্থিত ছিলেন ছায়েদুর রহমান। সেখানে তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা যায়। পরে তিনি বাসায় ফেরেন।
পুলিশ জানায়, সন্ধ্যায় তার স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এ সময় ছায়েদুর রহমান স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে বাসায় ফিরে তার স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।