× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারের হাহাকার, কৃষি বিভাগের ভিন্ন সুর

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৩ পিএম

সংকটের কারণে সার ছাড়াই জমিতে কপির চারা রোপণ করছেন এক কৃষক। রাজারহাটের ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংকটের কারণে সার ছাড়াই জমিতে কপির চারা রোপণ করছেন এক কৃষক। রাজারহাটের ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কাগজে-কলমে সার সংকট নেই। কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। আমন ও আগাম শীতকালীন সবজি চাষের গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় সার না পেয়ে কুড়িগ্রামের রাজারহাটে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। দিনের পর দিন ডিলার ও খুচরা বিক্রেতার দোকানে ঘুরেও মিলছে না চাহিদামতো ইউরিয়া, টিএসপি, ডিএপি ও পটাশ। কেউ সার না পেয়েই জমিতে চারা রোপণ করছেন, আবার কেউ বাড়তি দাম দিয়েও প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছেন না।

বুধবার দুপুরে উপজেলার সবজিপ্রধান ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি গ্রামে কৃষকের এমন ভোগান্তির চিত্র দেখা যায়।

মীরেরবাড়ি গ্রামের কৃষক আশরাফুল ফুলকপি চাষের জন্য জমি প্রস্তুত করে প্রায় এক সপ্তাহ ধরে সারের জন্য ডিলারের কাছে ধরনা দিয়েছেন। কিন্তু প্রয়োজনীয় সার না পেয়ে শেষ পর্যন্ত সার ছাড়াই জমিতে ফুলকপির চারা রোপণ শুরু করেছেন তিনি।

ক্ষোভের সঙ্গে আশরাফুল বলেন, ‘অন্তত কিছু টিএসপি সার দিতে পারলেও ভালো হতো। পরে যদি পাওয়া যায়, সেই আশা নিয়েই আবাদ করছি।’

শুধু আশরাফুল নন, একই এলাকার শত শত সবজি ও আমন চাষি সারের জন্য ছুটছেন ডিলার ও খুচরা বিক্রেতার দোকানে। কৃষকের অভিযোগ, প্রয়োজনের সময় সার না পাওয়ায় চাষাবাদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘এক একর জমিতে কপির চারা লাগানোর আগে টিএসপি, পটাশ ও ডিএপি সার দরকার। কয়েক দিন ধরে চেষ্টা করেও প্রয়োজনীয় সার জোগাড় করতে পারছি না।’

মীরেরবাড়ি এলাকার খুচরা সার বিক্রেতা মশিউর রহমানের দোকানে গিয়ে দেখা যায়, আমনের জন্য ইউরিয়া এবং কপি ক্ষেতে ব্যবহারের জন্য টিএসপি ও পটাশ সার নিতে ভিড় করেছেন কৃষকরা। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেককেই সার না পেয়ে ফিরে যেতে হচ্ছে।

কৃষক সেকেন্দার আলী বলেন, ‘তিন দিন ধরে সারের দোকানে ঘুরছি। প্রতি কেজিতে দুই-তিন টাকা বেশি দিয়েও কিনতে রাজি আছি। কিন্তু সারই পাওয়া যাচ্ছে না।’

আরেক কৃষক রানা মিয়া জানান, এক একর আমন জমিতে তার অন্তত ৩০ কেজি ইউরিয়া সার প্রয়োজন। কিন্তু চার দিন ঘুরে মাত্র ১০ কেজি ইউরিয়া সার সংগ্রহ করতে পেরেছেন তিনি।

খুচরা সার বিক্রেতা মশিউর রহমান বলেন, ‘এলাকার ডিলারের কাছে সার মিলছে না। তাই লালমনিরহাটের বড়বাড়ি থেকে বেশি দামে সার এনে কেজিপ্রতি দুই টাকা বেশি দামে বিক্রি করছি। তাও ১০ থেকে ১৫ কেজির বেশি কাউকে দেওয়া সম্ভব হচ্ছে না।’

ছিনাই ইউনিয়নের রাসায়নিক সার ডিলার ইউসুফ আলী বাবুর দোকানেও মঙ্গলবার সকালে কৃষকদের ভিড় দেখা যায়। কেউ কৃষি কার্ড, কেউ জাতীয় পরিচয়পত্র নিয়ে সার সংগ্রহের চেষ্টা করছেন। তবে অনেকেই ব্যর্থ হয়ে বাড়ি ফিরছেন।

ডিলার ইউসুফ আলী বাবু জানান, চলতি মাসে তার নামে ৪৫ মেট্রিক টন সার বরাদ্দ রয়েছে। এর মধ্যে মাস শুরুর আগেই গত ৩০ ও ৩১ আগস্ট কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে ১৮ মেট্রিক টন সার উত্তোলন করে বিতরণ করা হয়েছে।

কৃষকরা জানান, রাজারহাটের ছিনাই ইউনিয়ন অন্যতম সবজিপ্রধান এলাকা। বিশেষ করে মীরেরবাড়ি গ্রামে প্রায় ৩০ বছর ধরে আগাম কপি চাষ হয়ে আসছে। গ্রামের প্রায় এক হাজার পরিবারের মধ্যে অন্তত ৭০০ পরিবার কপি চাষের ওপর নির্ভরশীল। কিন্তু চলতি মৌসুমে প্রয়োজনের সময় সার না পাওয়ায় তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

কৃষকদের ভাষ্য, শুধু সার না পাওয়াই নয়, কোথাও কোথাও বাড়তি দাম দিয়েও সার মিলছে না। ফলে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তে পারে চাষের খরচ।

এদিকে কৃষি বিভাগ বলছে, জেলায় কোনো সার সংকট নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে কুড়িগ্রামে প্রায় ১ লাখ ১০ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। পাশাপাশি প্রায় ৭৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে কুড়িগ্রাম জেলায় ইউরিয়া সারের অনুমোদিত বরাদ্দ দেওয়া হয়েছে ৫৩ হাজার ৯৫০ মেট্রিক টন। সেপ্টেম্বর মাসে জেলার সার চাহিদা ধরা হয়েছে ৮ হাজার ৫৮০ মেট্রিক টন। ১ সেপ্টেম্বর পর্যন্ত উত্তোলন হয়েছে ১ হাজার ৮৩২ মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জেলায় কোনো সারের সংকট নেই। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে সমস্যা সমাধানে কাজ করছেন। ফলে এখন কোথাও কোনো সমস্যা থাকার কথা নয়।’

তবে রাজারহাটের মাঠের চিত্র এবং কৃষকদের বক্তব্যে দেখা যাচ্ছে, কৃষি বিভাগের ‘সার সংকট নেই’ দাবির সঙ্গে বাস্তবতার ফারাক রয়েছে। কৃষকদের দাবি, বরাদ্দ ও সরবরাহের হিসাব যাই থাকুক, প্রয়োজনের সময় ডিলারের দোকানে সার না পেলে সেই হিসাব তাদের কোনো কাজে আসছে না।

তাদের আশঙ্কা, দ্রুত চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা না গেলে আমন ও আগাম শীতকালীন সবজি চাষে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা