মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫০ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত লেবার হাউস হলরুমে দেশের চা শিল্পাঞ্চলে কর্মরত চা শ্রমিকদের মানসম্মত মজুরি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের চা শিল্পাঞ্চলে কর্মরত চা শ্রমিকদের মানসম্মত মজুরি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। বুধবার দুপুরে ইউনিয়নের প্রধান কার্যালয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত লেবার হাউস হলরুমে এক প্রেসব্রিফিংয়ে এ দাবি জানানো হয়।
এতে চা শ্রমিকদের মজুরি ছাড়াও জীবনমান উন্নয়ন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন এবং চা শিল্পের সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়।
প্রেসব্রিফিংয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল লিখিত বক্তব্যে বলেন, দেশের অন্যান্য শিল্প সেক্টরের শ্রমিকদের তুলনায় চা শিল্পের কারিগর শ্রমিকদের দৈনিক মজুরি অত্যন্ত নাজুক। একটি মানসম্মত মজুরি যা বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে এবং আগত ভবিষ্যতে উন্নত জীবন গঠনের বিবেচনায় একটি মানসম্মত মজুরি নির্ধারণ নিশ্চিত করবে বর্তমান সরকার এই প্রত্যাশা দেশের লক্ষাধিক চা শ্রমিকের। দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরিতে দেশের প্রতিটি চা শ্রমিক পরিবার অনেকটা মানবেতর জীবন যাপন করছেন।
তিনি উল্লেখ করেন, দেশের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষে সরকার চা বাগানগুলোতে উদ্ভূত শ্রম পরিস্থিতির উপর যাচনার উদ্দেশ্যে গত ১৯ আগস্ট একটি পরিদর্শন কমিটি গঠন করেছেন। আমাদের জানামতে গঠিত এই পরিদর্শন কমিটি চা বাগানগুলোতে সরেজমিন পরিদর্শন করে একটি নিরপেক্ষ বাস্তবমুখী রিপোর্ট সরকারের কাছে উপস্থাপন করবেন। সব প্রতিকূলতা ভেদ করে চা শ্রমিকদের জন্য সরকার কর্তৃক একটি মানসম্মত মজুরি নির্ধারণ করা হবে। যা নিঃসন্দেহে চা শ্রমিকদের জন্য কল্যাণকর বলে মনে করছি। প্রেসব্রিফিংয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি (সভাপতির রুটিন দায়িত্বে) পঙ্কজ কন্দ, কার্যকরী সভাপতি বিশিষ্ট তাঁতী, সহসভাপতি জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি কমিটির সভাপতি বিজয় হাজরা প্রমুখ উপস্থিত ছিলেন।