নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৯ পিএম
নেছারাবাদে আবুল মল্লিক নামে এক অসহায় চা দোকানির মরদেহ নিজের দোকানের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেছারাবাদে আবুল মল্লিক (৫৫) নামে এক অসহায় চা দোকানির মরদেহ নিজের দোকানের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি অনেক সময় অস্বাভাবিক আচরণ করতেন। পাশাপাশি সংসারে ছিল চরম অভাব-অনটন। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় সেই কাজ করতে পারতেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন। তবে দোকান থেকেও সংসারের অভাব দূর হয়নি।
নিহতের মেয়ের জামাই আবীর হোসেন জানান, গত মঙ্গলবার আবুল মল্লিককে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। প্রতিদিনের মতো রাতে তিনি নিজের চা দোকানেই ঘুমিয়ে ছিলেন। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাকে ডাকতে যান স্বজনরা। একপর্যায়ে দোকানের ফাঁক দিয়ে গলায় লাইলনের রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে।