কালীগঞ্জ (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৩ পিএম
কালীগঞ্জে সারের স্টক রেজিস্টারের সঙ্গে গুদামে থাকা প্রকৃত মজুদের গরমিল পাওয়ায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের কালীগঞ্জে সারের স্টক রেজিস্টারের সঙ্গে গুদামে থাকা প্রকৃত মজুদের গরমিল পাওয়ায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার দোলান বাজার এলাকায় সার ডিলার ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোলান বাজার এলাকার কয়েকটি সার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানের স্টক রেজিস্টারে উল্লিখিত সারের পরিমাণের সঙ্গে গুদামে থাকা মজুদের অসংগতি ধরা পড়ে।
জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলোÑ প্রকাশ ট্রেডার্স ও মেসার্স এসএস করপোরেশন। প্রকাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী নির্মল দাস (৬০), পিতা অমূল্য কৃষ্ণ দাসকে ১ লাখ টাকা এবং মেসার্স এসএস করপোরেশনের শরীফ ভূঁইয়া (৩৪), পিতা মৃত আব্দুল কাসেমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ও বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।