চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৪ পিএম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অবৈধ লেনদেন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অবৈধ লেনদেন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি পরিবার।
উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি বিবেচনায় না নিয়ে বিরোধপূর্ণ জমির নামজারি করা হয়েছে বলে অভিযোগ করা হয়। তবে অভিযুক্ত এসি ল্যান্ডের দাবি তাকে ফাঁসানো হচ্ছে।
গত মঙ্গলবার বিকালে উপজেলার বিজিসি ট্রাস্ট সংলগ্ন নোঙ্গর রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সংক্ষুব্ধ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ সলিমুল্লাহ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহার করে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো নামজারিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ মৌজার ১০৪০ খতিয়ানের ৩১৮ দাগের পৈতৃক জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমিটি নিয়ে চন্দনাইশ সিভিল জজ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মামলা চলমান থাকায় জমিটি যাতে অন্য কারও নামে নামজারি না হয়, সে বিষয়ে গত ২ আগস্ট এসি ল্যান্ড কার্যালয়ে লিখিত আপত্তি দেওয়া হয়। কিন্তু উপজেলা ভূমি অফিসে প্রতিপক্ষের নামজারির কোনো বৈধ আবেদন না থাকা সত্ত্বেও গত ৩০ আগস্ট নামজারি খতিয়ান মঞ্জুর করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, দুই পক্ষের শুনানি করে তহশিল ও সার্ভেয়ার রিপোর্ট অনুযায়ী বিচার-বিবেচনা করেই নামজারি দেওয়া হয়েছে। মামলা থাকলেও আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। মামলা চলমান থাকলেও নামজারি দেওয়া যায়।