সাংবাদিক উৎস হত্যা মামলা
রংপুর অফিস
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:১২ পিএম
রংপুরে সাংবাদিক মশিউর রহমান উৎস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদন্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচার মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রুবেল ওরফে হেকরমকে মৃত্যুদণ্ড এবং এলিন ও শুভ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার মূল অভিযুক্ত মাদক কারবারি জহিরন আক্তার জুই ওরফে গেদিকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় রংপুরের একটি স্থানীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে যান সাংবাদিক উৎস রহমান। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে নগরীর ধর্মদাস এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা নুরজাহান বেগম নুরী কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দীর্ঘ সাড়ে ১০ বছর বিচারপ্রক্রিয়া শেষে ১১ জনের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত এ রায় দেন।
বাদী নুরজাহান বেগম বলেন, এ রায়ে তারা সন্তুষ্ট নন এবং ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, তিন লাখ ৬০ হাজার টাকা দিয়ে উৎস রহমানকে হত্যার পরিকল্পনা ও অর্থায়ন করেছিলেন জহিরন আক্তার জুই। কিন্তু তাকেই খালাস দেওয়ায় তারা সংক্ষুব্ধ। উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।