এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৩ পিএম
আশুলিয়ার ধউর এলাকায় ফিতা কেটে সেতু দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘ প্রতীক্ষার পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত নির্মিত দুই লেনের দুটি সার্ভিস সেতু। বুধবার সকালে আশুলিয়ার ধউর এলাকায় ফিতা কেটে সেতু দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনের পরপরই সেতু দুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। উভয় সেতুতেই চলাচলের জন্য কোনো টোল দিতে হবে না।
তুরাগ নদের ওপর নির্মিত প্রতিটি সার্ভিস সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ১৭ কিলোমিটার। একটি সেতু দিয়ে ধউর থেকে আশুলিয়ার দিকে এবং অন্যটি দিয়ে আশুলিয়া থেকে ধউরের দিকে যান চলাচল করবে। সাধারণ যানবাহনের পাশাপাশি পথচারী, সাইকেল ও অটোরিকশাও সেতু দুটি ব্যবহার করতে পারবে।
সেতু উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেতু উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। পুরো প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও দ্রুত ও যানজটমুক্ত হবে। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের আরও একটি বড় অংশ চালুর লক্ষ্য রয়েছে। আগামী এক বছরের মধ্যে মূল প্রকল্পের কাজ প্রায় সমাপ্তির কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তারা।
প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, চালু হওয়া সার্ভিস সেতু দুটি পুরোপুরি টোলমুক্ত থাকবে। ভবিষ্যতেও এসব সড়কে কোনো টোল নেওয়া হবে না।
এদিকে দীর্ঘদিনের যানজট ও সড়কে ভোগান্তির পর সার্ভিস সেতু দুটি চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকেরা। পিকআপ চালক মুমিনুল ইসলাম বলেন, আগে এই সড়কে দীর্ঘ যানজটের কারণে পণ্য পরিবহন ও চলাচলে অনেক সময় নষ্ট হতো। সার্ভিস সেতু চালু হওয়ায় যানজট অনেকটাই কমবে বলে আশা করছি।
আশুলিয়ার বাসিন্দা নুরুন্নবী বলেন, দীর্ঘদিন ধরে আশুলিয়ার সড়কে তীব্র যানজট ও ভোগান্তি ছিল নিত্যদিনের ঘটনা। নতুন সেতু চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াত অনেক সহজ হবে।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের জুলাই পর্যন্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্বিক অগ্রগতি প্রায় ৭২ শতাংশ।