ময়মনসিংহ অফিস
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৮ পিএম
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: এমএমসিএইচ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এর সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার ডেঙ্গু আক্রান্ত ময়মনসিংহ মেডিক্যালে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান বুধবার সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হৃদ্যন্ত্রের সমস্যাও ছিল।
মারা যাওয়া দুজন হলেন ময়মনসিংহ সদরের আব্দুল বারেকের ছেলে সাজ্জাদ হোসেন (৪০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কদ্দুস (৪০)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
এই বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিরুল ইসলাম বলেন, “প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় প্রস্তুত আছেন”।