নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০০ পিএম
নওগাঁর সাপাহারের একটি আমবাগান থেকে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর সাপাহারের একটি আমবাগান থেকে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা কদমডাঙ্গা
গ্রামের একটি আমবাগান থেকে বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আগের দিন রাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার
পর তাকে আর পাওয়া যায়নি। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রুবেল হক ওই গ্রামের আব্দুর রহমানের
ছেলে। তিনি গোয়ালা ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে
৯টার দিকে রুবেল হক বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতেই পরিবারের
সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
স্থানীয় লোকজন গোয়ালা কদমডাঙ্গা গ্রামের
আব্দুল বাকির আমবাগানের পশ্চিম পাশে রুবেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া
হয় তার পরিবার ও স্থানীয়দের।
খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে
গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে কী কারণে
রুবেল এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের
প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি)
মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে
পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া
হবে।