নাটোর প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০২ পিএম
নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হালতি বিলে মাদকবিরোধী ও অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হালতি বিলে মাদকবিরোধী ও অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তিনজনকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার রাত ৩টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সিংড়ার বারোইহাটি গ্রামের মো. মোসলেমের ছেলে সেলিম (৪০) ও খোরশেদ আলমের ছেলে সেন্টু প্রামাণিক (৩০)। তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া একই এলাকার আসাদুজ্জামানের ছেলে মো. মিল্লাত (১৯), আফজাল হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২৫) এবং মো. শফিকুল ইসলামের ছেলে মো. স্বাধীন (১৯) কে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়। বড়বারইহাটি গ্রামের ফেলু প্রামাণিকের ছেলে মো. মহসিন (৬০) কে ৯ হাজার টাকা এবং ঢাকঢোল গ্রামের মৃত আসিরের ছেলে মো. চান্দু (৫৪) কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ১৯ ধারায় নগরমাঝগ্রাম গ্রামের আফজালের ছেলে মো. সোহান (২১) কে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি দুটি নৌকা জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ সদস্য, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং পোনা মাছ নিধন রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।