× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিশালে কমিউনিটি ক্লিনিকগুলো নিজেরাই রোগী

রাকিব সুমন, ত্রিশাল (ময়মনসিংহ)

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৬ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৮ পিএম

জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লাঠিতে ভর দিয়ে পাগারিয়া নদীর ওপার থেকে কোমরের ব্যথার ওষুধ নিতে কাঁঠাল বাজার কমিউনিটি ক্লিনিকে এসেছিলেন ৬৫ বছরের নূরজাহান বেগম। ব্যথা নিয়ে ক্লিনিকে পৌঁছেও শেষ পর্যন্ত ফিরেছেন খালি হাতে।

ক্লিনিকে ওষুধ সংকটের পাশাপাশি সেখানে যাওয়ার পথজুড়ে পিচ্ছিল কাদা ও বৃষ্টিতে হাঁটুসমান পানি। দীর্ঘক্ষণ হতাশ হয়ে বসে থাকার পর নূরজাহান বেগম বলেন, কোমরের ব্যথা নিয়ে নদী পার হয়ে আসতে খুব কষ্ট হয়। ভাবছিলাম ওষুধ খেলে ব্যথাটা কমবে। ওষুধের আশায় এসেছিলাম ফিরলাম শূন্য হাতে। সেখানে কোনো ওষুধ পাওয়া গেল না। 

ত্রিশাল উপজেলায় জনসংখ্যা সাড়ে চার লাখ। ১২টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ৪৮টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে কমিউনিটি ক্লিনিকের ভবন নির্মাণ করা হয়। তবে এসব ভবনের বেশির ভাগই সংস্কার করা হয়নি। সংস্কার না করায় এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দরজা-জানালা ভেঙে গেছে, জরাজীর্ণ ভবনে কোথাও ফ্যান থাকলেও তা স্থাপন করা হয়নি, ওষুধ সংকট, চেয়ার-টেবিলের সংকট, শৌচাগার ও পানির ব্যবস্থা নেই, যাতায়াতের অনুপযোগী রাস্তা, অপরিচ্ছন্ন পরিবেশ, দুর্গন্ধ ও মশার উপদ্রবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। দুর্গম এলাকার মানুষের চিকিৎসার শেষ ভরসা হওয়ার কথা ছিল এসব কমিউনিটি ক্লিনিক। অথচ বাস্তবতা বলছে ক্লিনিকগুলো নিজেরাই রোগী।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা ৪৮টি কমিউনিটি ক্লিনিকের বেশির ভাগই বেহাল।  ভবনগুলোর পলেস্তরা খসে খসে পড়ছে। কিছু ভবন প্রচণ্ড ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ ও নিয়মিত পানির ব্যবস্থা নেই। শৌচাগার থাকলেও তা নষ্ট। ব্যবহার অযোগ্য। অধিকাংশ ভবনের দরজা-জানালা খুলে গেছে। ছাদে ফাটল ধরেছে। রোগী আসলে বসার নেই  কোনো জায়গা। সরকারি ওষুধ যা আছে তা অবহেলা ও অযত্নে পড়ে আছে এসব ভবনে।

সেবা নিতে আসা রোগীরা ঝুঁকির মধ্যেই এসব ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিচ্ছেন। ক্লিনিকগুলোয় প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংকট চরমে। পুরাতন ভবনের কারণে অনেক ক্লিনিকে ফ্যান থাকলেও টানানো হয়নি। খুড়িয়ে খুড়িয়ে চলছে এসব সেবা কার্যক্রম।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিটি কমিউনিটি ক্লিনিক থেকে প্রায় ছয় হাজার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার কথা। এসব কেন্দ্রে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদান, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা ও পরামর্শসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। কাঁঠাল, কানিহারী, রামপুর ও ত্রিশাল ইউনিয়নে তুলনামূলক বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে।

এতে সেবা নিতে আসা রুমা আক্তার, নূরজাহান বেগম, রমিসা খাতুন, মার্জিয়া সুলতানা, রওশনারা ও স্বপ্না আক্তার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দূরে হওয়ায় ঝুঁকি নিয়ে এসব ক্লিনিকে আসতে হয়। ভবনের অবস্থা এতটাই খারাপ যে, যেকোনো সময় পলেস্তরা শরীরে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। ওষুধের সংকটও তীব্র। ক্লিনিকগুলো আধুনিক করা হলে ভোগান্তি কমবে।

কাঁঠাল বাজার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সেলিনা আফরোজ বলেন, এখানে ২০ ধরনের ওষুধ সরবরাহ করা হয়। নিয়মিত গর্ভবতী নারীরাও সেবা নেন। গত মাসে ৩১ জন গর্ভবতী নারীকে সেবা দেওয়া হয়েছে। তবে রাস্তা খারাপ হওয়ায় বৃষ্টির সময় রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। একসঙ্গে কার্টনভর্তি ওষুধ আনা সম্ভব না হওয়ায় কার্টন খুলে ভাগ করে আনতে হয়। মাসের শেষদিকে ওষুধের সংকট দেখা দেয় এবং রোগীর তুলনায় সরবরাহ কম। তিনজন কর্মী থাকার কথা থাকলেও তিনি একাই দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য সহকারী পদটিও দীর্ঘদিন ধরে শূন্য।

কানিহারী ইউনিয়নের বালিদিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হাসিনা খাতুন ও কুষ্টিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তানিমা সুলতানা বলেন, পুরোনো ভবনের জীর্ণ অবস্থার মধ্যেই রোগীদের সেবা দিতে হচ্ছে। বৃষ্টির পানি ছাদ চুইয়ে ঘরে জমে থাকে। কুষ্টিয়া ক্লিনিকে ছাদ ভেঙে পরে আছে।

রোগী দেখার কক্ষে বৈদ্যুতিক পাখা নেই। দরজা-জানালা ভেঙে গেছে এবং মাঝেমেধ্যে ছাদ থেকে প্লাস্টার খসে পড়ে। সাপের উপদ্রবও ভয় জাগায়। ভবনে পানির ব্যবস্থা বা টিউবওয়েল নেই, বাথরুমও নেই। নামাজ পড়ার নির্দিষ্ট জায়গা নেই। খাবার পানি আনতে অনেকটা পথ হেঁটে যেতে হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল বারী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোর ওষুধ ট্রাস্ট থেকে আসে। এক কার্টন ওষুধ পাওয়ার পর তা শেষ হয়ে গেলে সংকট দেখা দেয়। দায়িত্বপ্রাপ্তরা মূলত প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেন। ৪৮টি ক্লিনিকের মধ্যে প্রায় ৩০ থেকে ৩২টি বেশি ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। সংস্কারের জন্য বরাদ্দ সরাসরি স্বাস্থ্য বিভাগে আসে না। প্রকৌশল বিভাগ সরকারি বরাদ্দ পেলে কাজ করে। এ বিষয়ে চার-পাঁচবার প্রতিবেদন পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা