র্যাব-৬ সদর দপ্তরে বুধবার সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুন্দরবনে জলদস্যু দমনে র্যাবের কঠোর অবস্থানের মধ্যে পাঁচটি সক্রিয় দস্যু বাহিনীর ৫৯ সদস্য আত্মসমর্পণ করেছেন।
একই সময়ে তিন দিনের অভিযানে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ৫৯টি আগ্নেয়াস্ত্র, ৫৪১ রাউন্ড তাজা গুলি, ১৪টি খালি কার্তুজ ও সাতটি ওয়াকিটকি উদ্ধার করেছে র্যাব।
বাহিনীটির দাবি, আত্মসমর্পণের ঘটনায় সুন্দরবনে সক্রিয় কয়েকটি দস্যু বাহিনীর সাংগঠনিক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে।
র্যাব-৬ সদর দপ্তরে বুধবার সকালে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, “দস্যুতার পথ ছেড়ে বাকি জলদস্যুরাও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আত্মসমর্পণকারীদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”
তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অপরাধের পথ অব্যাহত রাখলে তাদের কঠোরতম আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে। সুন্দরবন ও উপকূলীয় মানুষের নিরাপত্তায় র্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।”
আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন, আফতাব বাহিনীর আটজন এবং মিজান বাহিনীর সাতজন রয়েছেন।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে চারটি শর্টগান, ৪৭টি ওয়ান শুটারগান, চারটি পাইপগান, তিনটি এয়ারগান ও একটি পয়েন্ট ২২ বোর রাইফেল।
সুন্দরবনে দস্যু দমনে র্যাব, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে ‘অপারেশন রি-স্টোর পিস ইন সুন্দরবন’ চলছে।
চলতি বছরের ২ মার্চ থেকে র্যাব ধারাবাহিক অভিযান জোরদার করলে দস্যুদের একটি অংশ অপরাধের অনিশ্চিত জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ দেখায়।
র্যাবের হিসাবে, ২০১৮ সালে ৩২৮ জন বনদস্যু আত্মসমর্পণ করেছিলেন। তাদের মধ্যে ৩০ জন পরে আবার দস্যুতায় জড়িয়ে পড়েন।
ভবিষ্যতে আত্মসমর্পণকারীরা যাতে অপরাধে না ফেরেন, সে জন্য তাদের সামাজিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান র্যাব ডিজি।
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর সুন্দরবন পর্যটক ও বনজীবীদের জন্য খুলে দেওয়া হয়েছে।
এর আগে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ ও বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের ঘটনাকে সুন্দরবনের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে র্যাব।