আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৩ পিএম
প্রতীকী ছবি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের চলন্ত অবস্থায় ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার নাটোর এলাকায় সোমবার এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুরের আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।
ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মোট পাঁচজনের নামে মামলা করেছেন। তার অভিযোগ, ঘটনার সঙ্গে দুই পুলিশ সদস্যসহ কয়েকজন জড়িত। মামলায় আসামিদের মধ্যে দুই পুলিশ সদস্যের নামও রয়েছে বলে জানা গেছে।
গত সোমবার সকালে ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাচ্ছিলেন। চলন্ত ট্রেনের ক্যান্টিনে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের যাত্রীরা তাকে উদ্ধার করেন এবং আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ঘটনার সঙ্গে পুলিশ সদস্যও জড়িত রয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তবে মামলা হওয়ার পর এ বিষয়ে তথ্য জানাতে সাংবাদিকদের সঙ্গে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তথ্য জানতে চাইলে ওসি বলেন, আসামিকে আদালতে পৌঁছানোর আগে মামলার তথ্য সাংবাদিকদের দেওয়ার বিধান নেই।
সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান বলেন, সোমবার রাতে তিনি মামলার তথ্য জানতে ওসির কাছে গিয়েছিলেন। মামলা এন্ট্রি হওয়ার পর তথ্য দেওয়া হবে বলে ওসি জানালে তিনি ও সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু থানা থেকে চলে আসেন। পরে ওসি কোনো তথ্য দেননি এবং সাংবাদিকদের ফোনও ধরছেন না। জিললুর রহমানের অভিযোগ, মামলায় পুলিশ সদস্যদের নাম থাকায় তাদের রক্ষার চেষ্টা হিসেবে ওসি তথ্য গোপন করছেন।