প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৮ পিএম
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশন সংলগ্ন পেন্নাই ঈদগাহ মাঠে মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে শান্তির দূত হয়ে এসেছেন। রাজনৈতিক প্রতিহিংসা ও ভয়ের রাজনীতির বিপরীতে তিনি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার যে নতুন ধারা শুরু করেছেন, দেশের মানুষ তা সাদরে গ্রহণ করেছে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশন সংলগ্ন পেন্নাই ঈদগাহ মাঠে মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রথম জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ড. মোশাররফ স্মৃতিচারণ করে বলেন, “১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার স্বার্থে বিএনপির প্রতিষ্ঠা ছিল সময়োপযোগী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত। তৎকালীন সরকার অভিশপ্ত একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করেছিল। শহিদ জিয়া রাষ্ট্র ক্ষমতায় এসে প্রথমেই রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা তুলে দেন, দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করেন।”
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে এই বর্ষীয়ান নেতা বলেন, সর্বাত্মক গণঅভ্যুত্থানের পর সব দেশেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। আমাদেরও সে পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে জনগণ সুফল পেতে শুরু করেছে। তিনি সামাজিক অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “গত ৬ মাসে তারেক রহমান রাষ্ট্রের জন্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নিয়েছেন। একটি উন্নত ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।”
এর আগে সকালে ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি বাজারে উপজেলা ও পৌর বিএনপির ৪তলা বিশিষ্ট নির্মাণাধীন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম.এ লতিফ ভূইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, ভিপি জাহাঙ্গীর আলম, আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, পিটার চৌধুরীসহ দাউদকান্দি, মেঘনা ও তিতাস উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।