চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৭ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪০ পিএম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে বর্ণাঢ্য আনন্দ মিছিলের পর সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের নেতৃত্বে এই বিশাল কর্মসূচি পালিত হয়।
দলীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজ এলাকা থেকে শুরু হয়। এতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকাসহ চন্দনাইশ ও সাতকানিয়া বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। বিশাল এই শোভাযাত্রাটি মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খানহাট এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।
এ সময় চন্দনাইশ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পাহাড়ি শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
কর্মসূচিকে কেন্দ্র করে এদিন মহাসড়ক ও গাছবাড়িয়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।