ইউএনবি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৩ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৩ পিএম
প্রতীকী ছবি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সীমান্ত ফাঁড়ির (বিওপি) ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান নামের এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
জামিল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। জামিল বিজিবির সিলেট ব্যাটালিয়ন-৪৮–এর অধীনে মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সোমবার রাত ১২টা হতে ভোর ৬টার মধ্যে কোনো এক সময়ে মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দেন জামিল। পরে বিষয়টি জানাজানি হলে সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম বিওপিতে উপস্থিত হন।
সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। অধিকতর তদন্তের জন্য মরদেহটি এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, আজ (মঙ্গলবার) ভোরের কোনো এক সময় বিওপির টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।