× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে ৫২ জলদস্যুর আত্মসমর্পণ

খুলনা অফিস

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩ পিএম

সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। সোমবার তারা আত্মসমর্পণ করেন। 

র‍্যাব-৬ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানান র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ এবং আফতাব বাহিনীর আট সদস্য রয়েছেন।

র‍্যাব জানায়, সুন্দরবনের ওপর জীবিকার জন্য নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ হাজারো মানুষের জন্য দীর্ঘদিন ধরে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ বড় হুমকি হয়ে ছিল। এ পরিস্থিতিতে র‍্যাব-৬সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে।

র‍্যাবের ধারাবাহিক তৎপরতা, সুন্দরবনের প্রতিকূল পরিবেশ এবং দস্যু জীবনের অনিশ্চয়তার কারণে বিভিন্ন বাহিনীর সদস্যরা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় চার বাহিনীর ৫২ সদস্য আত্মসমর্পণ করেন।

র‍্যাবের ভাষ্য, একযোগে চারটি বাহিনীর এত সদস্য আত্মসমর্পণ করায় সুন্দরবনে দস্যুদের সাংগঠনিক সক্ষমতা ও অপরাধমূলক কর্মকাণ্ড কমবে। পাশাপাশি জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ আরও সুদৃঢ় হবে।

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এর আগেও বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে র‍্যাব ও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় দস্যুদের আত্মসমর্পণ প্রক্রিয়া পরিচালিত হয়। এ প্রক্রিয়ায় সাংবাদিক মোহসীন উল হাকিম মধ্যস্থতাকারী ও সমন্বয়কের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৮ সালের ১ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে আনুষ্ঠানিকভাবে ‘জলদস্যুমুক্ত সুন্দরবন’ ঘোষণা করেন।

ওই সময় ৩২টি জলদস্যু ও বনদস্যু বাহিনীর ৩২৮ সদস্য আত্মসমর্পণ করেন। তাদের কাছ থেকে ৪৬২টি আগ্নেয়াস্ত্র ও ২৪ হাজারের বেশি গুলি জমা নেওয়া হয়। আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

তবে সাম্প্রতিক সময়ে নতুন করে দস্যুচক্রের তৎপরতা এবং আত্মসমর্পণকারীদের কয়েকজনের অপরাধে ফের জড়িয়ে পড়ার তথ্য পাওয়ায় সুন্দরবনে নজরদারি বাড়ানো হয়েছে।

র‍্যাব-৬ জানিয়েছে, আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এদিকে বন্যপ্রাণীর প্রজনন ও বিচরণ নির্বিঘ্ন রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশ বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার থেকে বিধিবিধান ও অনুমতি সাপেক্ষে সুন্দরবন পর্যটক ও বনজীবীদের জন্য আবার খুলে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা