আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫১ পিএম
সান্তাহার রেলওয়ে থানা। ফাইল ছবি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ‘সংঘবদ্ধ’ ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় সোমবার এ ঘটনাটি ঘটে।
মঙ্গলবার সকালে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুরের আব্দুলপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, এ ঘটনায় করা মামলায় মোট পাঁচ জনের নামে করেছেন ভুক্তভোগী ওই নারী। ভুক্তভোগীর অভিযোগ ধর্ষণে দুই পুলিশ সদস্যও জড়িত। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন।
জানা গেছে, সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনে আসছিলেন ওই নারী যাত্রী। চলন্ত ট্রেনের মধ্যে খাবারের ক্যান্টিনে ওই নারীকে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর চিৎকারে ট্রেনের যাত্রীরা তাকে উদ্ধার করেন এবং ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ওসি দুলাল উদ্দীন বলেন, “ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সঙ্গে পুলিশ সদস্যও জড়িত রয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তাছাড়া তিনি (ভুক্তভোগী) নিজেই বাদী হয়ে নারী শিশু আইনে মামলা দায়ের করার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”