রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৯ পিএম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী ভাঙনের খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীতে আবারও ভাঙন দেখা দিয়েছে।
বুড়িরহাট এলাকার গুরুত্বপূর্ণ ক্রসবাঁধের
রাস্তার উত্তর ও দক্ষিণ পাশে হঠাৎ ভাঙন শুরু হয়। এতে বাঁধ ও সড়কের নিরাপত্তা নিয়ে নদীপাড়ের
মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,
মঙ্গলবার ভোর ৪টার দিকে বুড়িরহাট ক্রসবাঁধের রাস্তার একটি অংশে হঠাৎ ভাঙন দেখা দেয়।
পরে রাস্তার উত্তর ও দক্ষিণ পাশে ভাঙন বিস্তৃত হতে থাকে। ভোরে বিষয়টি স্থানীয়দের নজরে
এলে তারা ঘটনাস্থলে ছুটে যান। গুরুত্বপূর্ণ বাঁধ ও সড়কে ভাঙন দেখা দেওয়ায় আশপাশের বাসিন্দাদের
মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন প্রতিরোধ
করা না হলে ক্রসবাঁধের রাস্তার আরও অংশ তিস্তা নদীতে বিলীন হয়ে যেতে পারে। এতে স্থানীয়
যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা
হুমকির মুখে পড়তে পারে।
তিস্তা নদীর ভাঙন রাজারহাট উপজেলার
নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি এবং পানি কমার
সময় স্রোতের তীব্রতায় বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দেয়। প্রতিবছরই নদীতীরবর্তী মানুষকে
বসতভিটা ও ফসলি জমি হারানোর শঙ্কায় থাকতে হয়।
বুড়িরহাট ক্রসবাঁধের রাস্তার নতুন এই
ভাঙন সেই পুরোনো আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের দাবি, ভাঙন শুরু হওয়ার পর পরই
কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে অল্পসময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত অংশ বড় আকার ধারণ করতে
পারে। তাই দ্রুত জিওব্যাগসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন
তারা।
স্থানীয়রা বলেন, ‘তিস্তা নদীর ভাঙন
এখানে নতুন কিছু নয়। প্রতিবছরই কোনো না কোনো এলাকায় ভাঙন দেখা দেয়। ভাঙন শুরু হওয়ার
পর দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। তাই এবার শুরুতেই
কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।’
এদিকে ভাঙনের খবর পাওয়ার পর ঘটনাস্থল
পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের
নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘বুড়িরহাট ক্রসবাঁধে হঠাৎ ভাঙন দেখা দেওয়ার
খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুত
ভাঙনরোধে কাজ করা হবে বলে আশা করছি।’
স্থানীয়দের প্রত্যাশা, শুধু সাময়িকভাবে
ভাঙন ঠেকানো নয়, তিস্তা নদীর ভাঙন থেকে বুড়িরহাট ক্রসবাঁধসহ আশপাশের এলাকা স্থায়ীভাবে
রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে আগাম প্রতিরোধমূলক
ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।