মহাসড়কের বেহাল দশা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৬ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৯ পিএম
অতিরিক্ত পণ্য বহন করায় ক্ষতিগ্রস্ত মহাসড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া। এই নৌরুট ব্যবহার করে প্রতিদিন হাজারো পণ্যবাহী ট্রাক, লড়ি, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন ভারী যানবাহন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঢোকে।
এসব যানবাহনের বেশির ভাগই ধারণ ক্ষমতা ২২ টনের উপরে অতিরিক্ত প্রায় ১৫ থেকে ২০ টন লোড নিয়ে মহাসড়কে চলাচল করছে।
অবৈধ অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন এসব যানবাহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের মহাসড়ক। ফলে নিয়মিত ঘটেছে ছোট-বড় দুর্ঘটনা। হচ্ছে প্রাণহানি। অথচ বিগত সময়ে হাইওয়ে পুলিশ, এসব ওভার লোডের গাড়িসহ লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত মামলাসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। কিন্তু বর্তমানে হাইওয়ে পুলিশকে মহাসড়কে অবৈধ যানবাহন এবং অতিরিক্ত পণ্য বহনের দায়ে কোনো যানকে তেমন কোনো শাস্তি দিতে দেখা যায় না। ফলে মহাসড়ক হয়ে পড়েছে মৃত্যু ফাঁদ।
গত কয়েক মাসের ব্যবধানে পাঁচ শতাধিক যানবাহন সড়ক দুর্ঘটনায় পড়েছে। এতে মারা গেছে অর্ধশতাধিক মানুষ।
স্থানীয়রা বলছেন, মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে, অতিরিক্ত পণ্য বহনকারী গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া চলবে না। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ কেন নির্বিকার এবং শিথিল অবস্থায় রয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করেন অতিরিক্ত পণ্য বহনকারী গাড়ি এবং লাইসেন্সবিহীন যান থেকে হাইওয়ে পুলিশ কোনো সুবিধা নিচ্ছে কি না তা দায়িত্বশীল ভেবে দেখতে হবে।
ইওয়ে পুলিশ যদি আগের মতো ওভার লোডের গাড়িরসহ অবৈধ যানবাহনের ওপর বিধিনিষেধ আরোপ না করে তাহলে পরিস্থিতি আরও নাজুক হবে। স্থানীয় বিশিষ্টজন মনে করেন মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্ঘটনা রোধ কার্যকর পদক্ষেপে কালক্ষেপনে কোনো সুযোগ নেই।
এবিষয়ে আহলাদিপুর হাইওয়ে থানার দায়িত্বরত ওসি রুমান মোল্লা বলেন, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা থাকায়, আওলাদীপুর হাইওয়ে থানা পুলিশ কর্তৃপক্ষ বর্তমানে মহাসড়কে চলাচলরত ওভার লোডের গাড়িসহ অবৈধ, কাগজপত্র ও লাইসেন্সবিহীন কোনো যানবাহনে মামলা দেওয়া হচ্ছে না। পুনরায় মামলা দেওয়ার প্রক্রিয়া চালু হলে পুলিশ অবৈধ, অনুমোদনবিহীন ভারী যানবাহনে মামলা কার্যক্রম চালু করবে। এতে মহাসড়ক রক্ষা পাবে। পাশাপাশি সরকারি মোটা অঙ্কের রাজস্ব আদায় হবে।