ফারহান ইসলাম রাজু, গোলাপগঞ্জ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৬ পিএম
সিলেট-গোলাপগঞ্জ-বিয়ানীবাজার-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে বৃষ্টিতে ভাঙাচোরা সড়কজুড়ে কাদা-পানি আর খানাখন্দ। জীবনের ঝুঁকি নিয়ে দুর্ভোগে চালক, যাত্রী ও সাধারণ মানুষ। ছবি- প্রতিদিনের বাংলাদেশ
সিলেট-গোলাপগঞ্জ-বিয়ানীবাজার-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে উঠে গেছে পিচ ও কংক্রিট। ছোট-বড় গর্তে জমে আছে পানি ও কাদা; কোথাও আবার দেবে গিয়ে তৈরি হয়েছে অসমতল অংশ।
দীর্ঘদিনের বেহাল দশায় সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো যাত্রী ও যানবাহনের।
সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলোতে পানি জমে
থাকায় গর্তের গভীরতা বোঝা যায় না। এতে প্রায়ই যানবাহন বিকল হচ্ছে, ঘটছে দুর্ঘটনা এবং
তৈরি হচ্ছে যানজট।
সরেজমিন গিয়ে দেখা যায়, গোলাপগঞ্জের
ফুলবাড়ী ইউপি কার্যালয়ের সামনে থেকে পৌর শহরের দাড়িপাতন এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার
সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। সড়কের দুই পাশে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। কোথাও পাথর উঠে
গিয়ে নিচের মাটি বেরিয়ে এসেছে। আবার কোথাও ভারী যানবাহনের চাপে সড়কের এক পাশ ফুলে উঠে
অসমতল হয়ে গেছে।
চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের
গর্তে পড়ে প্রায়ই যানবাহনের চাকা ও সাসপেনশনসহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অনেক সময় গর্তে আটকে পড়ে যানবাহন বিকল হয়ে পড়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদেরও। বিশেষ
করে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের চালকদের দুর্ভোগ বেশি। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সড়কে
চলাচলের কারণে বাড়ছে গাড়ি মেরামতের খরচ, পাশাপাশি দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে
তাদের।
গর্ত এড়িয়ে চলতে গিয়ে সড়কের কিছু অংশে
যানবাহনকে এক পাশ দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে
মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। বৃষ্টির সময় গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় পরিস্থিতি
আরও ভয়াবহ হয়ে ওঠে। দ্রুতগতির কোনো যানবাহন গর্তে পড়লে ছিটকে পড়া কাদাপানিতে ভোগান্তিতে
পড়ছেন পথচারীরাও।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির ওপর দিয়ে
সুতারকান্দি স্থলবন্দর হয়ে ভারত থেকে আসা পাথরবোঝাই ট্রাকসহ অতিরিক্ত মালবাহী যান চলাচল
করে। ভারী যানবাহনের চাপের কারণে সড়কের বিভিন্ন অংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সড়কের গর্তগুলো সাময়িকভাবে মেরামতের
জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ইটের সোলিং করা হলেও তা স্থায়ী হচ্ছে
না। বৃষ্টি ও ভারী যানবাহনের চাপে এসব ইট সরে গিয়ে আবারও গর্তের সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, সড়কের গর্ত এড়িয়ে
চলতে গিয়ে গত ১৩ জুলাই ফুলবাড়ী এলাকায় সিএনজি-চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি
সংঘর্ষে গোলাপগঞ্জ পৌর শহরের ইয়াগুল গ্রামের বাসিন্দা আখদ্দছ আলী ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন।
স্থানীয় ব্যবসায়ী অলিউর রহমান জানান,
গত ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কের ইটের সোলিং
সরে গিয়ে সৃষ্ট গর্তে পড়ে মোটরসাইকেল আরোহী শানাজ আহমদ নিয়ন্ত্রণ হারান। এ সময় তিনি
ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন সড়কটির কার্যকর
সংস্কার না হওয়ায় দুর্ভোগ দিন দিন বাড়ছে। তাদের দাবি, সিলেট-শেওলা প্রকল্পের কাজ শুরু
হতে যত সময়ই লাগুক, এর আগে ক্ষতিগ্রস্ত অংশগুলো অন্তত জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।
এতে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও কমবে।
সিলেট-শেওলা প্রকল্পের কাজ কবে শুরু
হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, সড়কটির
ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সংস্কার প্রকল্পটির আওতায় রয়েছে। প্রকল্পের কাজ শুরু হলে
সড়কটির বর্তমান দুর্ভোগের অবসান হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ইকবাল আহমেদ বলেন, বর্তমানে বিভাগীয়ভাবে রুটিন মেইনটেন্যান্সের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত অংশগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রাক্কলনে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিনি জানান, সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলো সিলেট-শেওলা প্রকল্পের আওতাভুক্ত। প্রকল্পটির কন্ট্রাক্ট সাইনিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই ঠিকাদার কাজ শুরু করবেন।