চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:০১ পিএম
নিহত ফিরোজ আহমেদ তৌহিদ এবং মাহী পাটোয়ারী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ঠাকুরদিঘী এলাকায় মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার সাহেব পাড়ার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২২) একই এলাকার মিজান পাটায়ারী ছেলে মাহী পাটোয়ারী (২০)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ফজরের পর দুই বন্ধু কক্সবাজার থেকে চাঁদপুর ফিরছিলেন। পথে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী একটি মিনি ট্রাক তাদের ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তৌহিদ মারা যান এবং অপর আরোহী মাহী পাটোয়ারী গুরুতরভাবে আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মাহীকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় মাহীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে পুলিশ। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।