দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২১:৩৬ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে উপজেলার পাথরেরচর এলাকায় ভারতীয় সীমান্তের কাছ থেকে এসব সার জব্দ করা হয়।
পাথরেরচর বিওপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ১০৭৬ নম্বর পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালান ৩৫ বিজিবির সদস্যরা। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুদ করা ১৩ বস্তা সার জব্দ করা হয়।
জব্দ করা সারের মধ্যে ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি ও ২ বস্তা ডিএপি সার রয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবির পাথরেরচর বিওপির কমান্ডার নায়েব সুবেদার নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।