প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২১:২৩ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৬ ২১:৫৮ পিএম
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনে ৯ জন নিহতসহ আহত হয়েছেন আরও ১৮ জন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
গাজীপুর: গাজীপুরের ইটাহাটা এলাকায় বাসচাপায় মরিয়ম বেগম (৫০) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ সহকর্মী ও স্থানীয়রা একটি বাসে আগুন দিয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় তাকওয়া পরিবহনের একটি বাস মরিয়মকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মরিয়মের মৃত্যুর খবর কারখানায় পৌঁছলে সহকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং তাকওয়া পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হন। এ খবরে নিহতের সহকর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে মাগুরা থেকে ঢাকা যাওয়ার পথে মাওয়া এলাকায় বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে নারীসহ আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে।
আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাদের মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অধিকাংশের বাড়ি মাগুরা জেলায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মৃত আছিয়া আক্তারের ছেলে ইকবাল হোসেন (৩৬) ও একই উপজেলার ভূইয়াপাড়া গ্রামের মঞ্জিল ভূইয়ার স্ত্রী হুসনে আরা বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বালিপাড়াগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ত্রিশালগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক পুরুষ ও এক নারী ঘটনাস্থলেই মারা যান। ত্রিশাল থানার এসআই রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গত রবিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়নের হিরা মিয়া এবং রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের সফিউর রহমান শুভ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে হিরা মিয়া মারা যান। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
নেত্রকোনা: কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩ জন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বান্দনাল গ্রামের মফিজ মিয়ার ছেলে অটোরিকশাটির চালক ওয়াজিদ মিয়া (৪০) ও একই উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৩৯)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্র কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বান্দরবান: বান্দরবানের থানচিতে পাহাড়ি সড়কে জিপ উল্টে দেরাজ মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গত রবিবার সন্ধ্যায় থানচি উপজেলার তমাতুঙ্গী সড়কের ১০ কিলো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত দেরাজ মিয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকার কবির আহমদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওয়াবুল ইসলাম খন্দকার বলেন, থানচিতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। নিহত ও আহতদেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।