প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২১:০২ পিএম
প্রতিকী ছবি
বগুড়া, ময়মনসিংহ ও ভোলায় পৃথক তিন হত্যা মামলায় আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
বগুড়া: বগুড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রাগিবুল হাসান হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার সকালে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫-এর বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেনÑ সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেনÑ আশিক, শাকিল ও মতিন। একই সঙ্গে পাঁচ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়দের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি করেন আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রতিষ্ঠানে ঢুকে হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।
ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়ায় অটোরিকশা ছিনিয়ে নিতে চালক নাজিম উদ্দীনকে কুপিয়ে হত্যার মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাশকে ৩০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তৌফায়েল আহমেদ নাসিম ও শাকিলকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে দাপুনিয়া এলাকায় নাজিম উদ্দীনকে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আকরাম হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষ জানিয়েছে, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে।
ভোলা: ভোলায় স্ত্রী বিলকিস বেগমকে হত্যার পর ঘটনা ভিন্ন খাতে নিতে মরদেহে আগুন দেওয়ার মামলায় প্রায় সাড়ে ২১ বছর পর স্বামী মো. বশিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ভোলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি গভীর রাতে বশির তার বসতঘরে স্ত্রী বিলকিস বেগমকে শ্বাসরোধে হত্যা করে মরদেহে আগুন লাগিয়ে দেন। এ ঘটনায় বিলকিসের চাচা খোরদেশ আলম ভোলা মডেল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ প্রায় ২০ বছর পলাতক থাকার পর ২০২৫ সালে আদালতে আত্মসমর্পণ করেন বশির।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হাবিবুর রহমান (বাচ্চু) আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।