× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন:

নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২০:৪৭ পিএম

নারায়ণগঞ্জে  কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তদের কয়েকজন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জে কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তদের কয়েকজন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের অভিযোগে দুই সহকারী কমিশনার (ভূমি)সহ ২০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা।

তিনি জানান, সদর উপজেলা ভূমি অফিসের ১০ জন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের ছয়জন এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের দুজনকে নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশ পাওয়া দুই সহকারী কমিশনার (ভূমি) হলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা। নোটিশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া স্বাক্ষর করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নারায়ণগঞ্জ নগরীর খানপুরে অবস্থিত সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান। সকাল ৯টার কয়েক মিনিট আগে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত ছিলেন না।

এ সময় প্রতিমন্ত্রী হাজিরা খাতা পরিদর্শন করে দেখতে পান, অনুপস্থিত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ৩১ আগস্টের হাজিরা খাতায় আগেই স্বাক্ষর করে রেখেছেন। বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসককে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী কার্যালয়ে যাওয়ার প্রায় ২০ মিনিট পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া সেখানে উপস্থিত হন। এর কিছুক্ষণ পর ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার অংমাচিং মারমাও কার্যালয়ে আসেন।

জেলা প্রশাসনের নোটিশে বলা হয়েছে, যুক্তিসংগত কারণ ছাড়া অফিসে অনুপস্থিত থাকা কিংবা বিলম্বে উপস্থিত হওয়া সরকারি কর্মচারীদের নিয়মিত উপস্থিতি সংক্রান্ত বিধিমালার লঙ্ঘন। একই সঙ্গে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় আগাম স্বাক্ষর করাকে সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ও আপিল বিধিমালার আওতাধীন গর্হিত অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশপ্রাপ্তদের আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

নোটিশ পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুস সাত্তার, সার্ভেয়ার মো. আসাদুজ্জামান, নাজির কাম ক্যাশিয়ার মাসুম মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহফুজা আক্তার, সার্টিফিকেট সহকারী সাদিয়া আক্তার, চেইনম্যান মীর মোজাম্মেল হক, অফিস সহায়ক আব্দুস সালাম (রূপম), ইউনূস আলী, মোক্তার হোসেন ও গাড়িচালক নাদিম হায়দার।

এ ছাড়া সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কানুনগো ফারুক আলম, সার্ভেয়ার জামাল উদ্দিন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী জান্নাত হোসেন, নাজির কাজী তানজিরুল হক, অফিস সহায়ক মোকলেছ শেখ ও চেইনম্যান রফিকুল ইসলাম এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মিল্টন রায় ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাহাদাতকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের লিখিত জবাব পাওয়ার পর সুনির্দিষ্ট কারণ যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা