আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২০:১৯ পিএম
গ্যাস সংকটে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ দ্রুত সচল দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গ্যাস সংকটে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড (এএফসিএল) আধুনিকায়নের মাধ্যমে দ্রুত সচল করা এবং এর পূর্বনাম ‘আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ পুনর্বহালের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা। দাবি বাস্তবায়ন না হলে স্থলপথ, নৌপথ ও রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় এএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ শেষে শ্রমিক-কর্মচারীরা ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিতে কারখানার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু কাউসারের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া, অফিসার্স ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান ভূঁইয়া, এনসিপির কেন্দ্রীয় নেত্রী জয়ন্তী বিশ্বাস, জামায়াত নেতা জাহেদুল হক মুন্সী, আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মুন্সী, এএফসিএল সিবিএর সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহআলম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।
আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাউসার বলেন, কারখানাটি এখনও উৎপাদনে সক্ষম। যখনই অল্প সময়ের জন্য গ্যাস সরবরাহ করা হয়, তখন উৎপাদনের চেষ্টা করা হয়। কিন্তু দীর্ঘ সময় বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ শুরু হলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেগুলো মেরামত করে কারখানা চালুর উদ্যোগ নেওয়ার সময় আবার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্যাস সংকটের কারণেই কারখানাটি চালু করা যাচ্ছে না। গ্যাস সরবরাহ পাওয়া গেলে দ্রুত উৎপাদনে ফেরার প্রস্তুতি রয়েছে। কম গ্যাসে উৎপাদন করা যায়Ñ এমন প্রযুক্তি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে। পাশাপাশি আশুগঞ্জে নতুন সার কারখানা স্থাপনের বিষয়েও আলোচনা চলছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (সঞ্চালন) মোহাম্মদ বাপ্পি শাহরিয়ার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই আশুগঞ্জ সার কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ করা হবে। বর্তমানে এ বিষয়ে কোনো নির্দেশনা নেই। তবে গ্যাস সরবরাহের জন্য তারা প্রস্তুত রয়েছেন।