নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৯:৫৩ পিএম
নারায়ণগঞ্জে ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জে ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না থাকা এবং অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
সোমবার সকালে তিনি নগরীর খানপুরে ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের গরহাজির ও হাজির না থেকেও খাতায় স্বাক্ষর করায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। এ এলাকায় একই চত্বরে পাশাপাশি সদর উপজেলা সহকারী কমিশনারের এবং ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কার্যালয় রয়েছে।
সকাল সাড়ে ৮টায় কার্যালয়ে ঢোকেন তিনি। কিন্তু ৯টার পরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আসেননি। তখন তিনি হাজিরা খাতা পর্যবেক্ষণ করেন। তবে হাজিরা খাতায় অনুপস্থিত অনেকের স্বাক্ষর আগে থেকেই দেওয়া ছিল বলে সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী।
অন্তত ২০ মিনিট পর খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া সেখানে উপস্থিত হন। তারও কিছুক্ষণ পর আসেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার অংমাচিং মারমা।
সরাসরি সম্প্রচারে থাকা একাধিক গণমাধ্যমের ভিডিওতে তখন প্রতিমন্ত্রী দুই কর্মকর্তার কাছে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চান। একই সঙ্গে তিনি এ বিষয়ে তদন্ত করবেন বলে জানিয়ে গত এক সপ্তাহের সিসিটিভি ফুটেজ প্রতিমন্ত্রীকে পাঠানোর নির্দেশ দেন। এমনকি সিসি ক্যামেরা সবগুলো সচল আছেÑ এমন খবর তিনি আগেই নিয়েছেন বলে জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়া প্রতিমন্ত্রীকে জানান, একজন সহকারী কমিশনার মাতৃত্বকালীন ছুটি এবং অপরজন উপজেলা পরিষদে একটু সরকারি অনুষ্ঠানে আছেন। তবে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতির বিষয়টিকে তদন্ত করবেন বলে জানান।
প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন দুই কর্মকর্তাকে বলেন, কোনো কারণে ১০ মিনিট দেরি হতে পারে, তাই বলে ৩টা সার্কেলের কেউ থাকবে না! এটা খুবই হতাশাজনক। আমাদের প্রধানমন্ত্রী আমাদের আগে অফিসে যান। পরে সাংবাদিকদের সঙ্গে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমার অফিসিয়াল নম্বরের হোয়াটসঅ্যাপে নানা অভিযোগ আসে, কিন্তু এখানের (নারায়ণগঞ্জ) অভিযোগের মাত্রাটা বেশি। সময়মতো অফিসে না আসার যে টেন্ডেন্সি বাংলাদেশে আছে, সেটি এখানেও রয়েছে। কিন্তু সবচেয়ে বিরক্তি লেগেছে, যখন আমি আসি দুটি সার্কেল অফিসে কেউই ছিল না। কিন্তু ৩১ তারিখের সকলের স্বাক্ষর আগেই দেওয়া আছে। এটা এক্সেপ্টেবল না, এটা জালিয়াতি।
পরিদর্শনকালে ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।