পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৯:২৯ পিএম
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত
পটুয়াখালীতে ১ লাখ টাকার জাল নোট উদ্ধার মামলায় মো. শামীম হোসেন নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম
কারাদণ্ড দেওয়া হয়েছে।
পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া (জলিশা) এলাকার বাসিন্দা মো.
সোহরাব হোসেনের ছেলে শামীম হোসেনকে সোমবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক
মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণার মাধ্যমে সাজা প্রদান করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন জানান, ২০২০ সালে গলাচিপা
থেকে শামীম হোসেনকে এক লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এ/বি ধারায়
মামলা করা হয়। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষের এজাহারকারী এসআই নজরুল ইসলাম ও তদন্ত
কর্মকর্তা মনিরুজ্জামানসহ মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত
হওয়ায় আদালত শামীম হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।