কালীগঞ্জ (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৯:১৬ পিএম
নিহত ইউসুফ হাসান আলিফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পরিবারের সুদিন ফেরাতে ইউরোপের দেশ স্পেনে গিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জের যুবক ইউসুফ হাসান আলিফ (২৭)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। দেশটির রাজধানী মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ও শ্বাসরোধ হয়ে অকালে ঝরে গেল তার প্রাণ।
আগুনে আটকা পড়ার পর মৃত্যুর কয়েক মুহূর্ত আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাঁচার আকুতি জানিয়ে ইউসুফ লিখেছিলেন, ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’ নতুন জীবনের স্বপ্ন নিয়ে যখন সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ভয়াবহ অগ্নিকাণ্ডে থেমে গেল তার সব স্বপ্ন।
নিহত ইউসুফ হাসান আলিফ কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির একমাত্র ছেলে। জীবিকার তাগিদে গত জুনে স্পেনে পাড়ি জমান তিনি। সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন ইউসুফ।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ অপেক্ষার পর অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে বৈধভাবে কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) হাতে পান ইউসুফ। এর দুই দিনের মাথায় গত রবিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটের দিকে মাদ্রিদের আরগানসুয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আব্দুল মোতালিব ও মা রহিমা খাতুন। ইউসুফের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
নিহতের মামাতো ভাই ও বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল জানান, প্রতিদিনের মতো রবিবার ডেলিভারির সাইকেল আনতে ওই গ্যারেজে যান ইউসুফ। এ সময় সেখানে থাকা একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি হঠাৎ বিস্ফোরিত হলে গ্যারেজে আগুন ও বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ইউসুফসহ তার সঙ্গে থাকা আরও দুই সহকর্মী গুরুতর দগ্ধ হন।
খবর পেয়ে মাদ্রিদ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিষাক্ত গ্যাস অপসারণ করে। তবে ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার অন্য দুই সহকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।