খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৮:০৩ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ২২:০৬ পিএম
দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে খাগড়াছড়ি দীঘিনালার মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে স্থানীয়রা বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে। পাশাপাশি এসবের তদন্ত ও বিচারের দাবি জানান তারা।
শুক্রবার (৬ জানুয়ারি) উপজেলার মেরুং ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ইউপি চেয়াররম্যান মাহমুদা বেগমের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ওই মিছিল করেন স্থানীয়রা। এর আগে সকাল ১০টার দিকে মেরুং ইউনিয়ন (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মাহমুদা বেগমকে অবাঞ্ছিত করেন ইউনিয়ন আওয়ামী লীগ।
মেরুং ইউনিয়ন (উত্তর) আওয়ামী লীগের সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক গুলজার হোসেন, সহসভাপতি মো. আলমগীর লিডার, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন (দক্ষিণ) যুবলীগের সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াস, শ্রমিকলীগের সভাপতি মো. বাবুলসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, ‘তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন। এ ছাড়া বাড়তি হোল্ডিং ট্যাক্স উত্তোলন, প্রভাবশালী এক পরিবারের তিনজনকে সুলভমূল্যের কার্ড প্রদান, রাস্তায় গাড়ি আটক করে চাঁদাবাজি করে আসছেন।’
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। অভিযোগকারীরা তো প্রমাণ দেখাতে পারেনি। আমি বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী। আমি গর্বিত মুক্তিযোদ্ধা সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ করছি। সাধারণ মানুষের সেবা করতে আমি বদ্ধপরিকর।’