× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় পুলিশের লুট হওয়া শটগানসহ দুই অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

কুমিল্লা অফিস

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৬:০১ পিএম

কুমিল্লায় শটগানসহ দুটি অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় শটগানসহ দুটি অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় ৫ আগস্টের সহিংসতায় পুলিশের কাছ থেকে লুট হওয়া একটি শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তার এয়াকুব নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের তৈয়ব খানের ছেলে। 

পুলিশের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি সচল শটগান এবং অপরটি দেশীয়ভাবে তৈরি বন্দুক। উদ্ধার হওয়া শটগানটি ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ আগস্ট রবিবার ভোরে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালানো হয়। কুমিল্লা ডিবির এসআই পবিত্র সরকার ও এসআই অর্ণব বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে চালক এয়াকুবকে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের বাম পাশে বাঁধা একটি বস্তা থেকে একটি সচল শটগান, দুই রাউন্ড কার্তুজ এবং দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়। পরে অস্ত্র বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

কুমিল্লা ডিবির এসআই পবিত্র সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে এয়াকুবকে আটক করা হয়। তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়।’

ডিবির কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে শটগানটি পুলিশের ব্যবহৃত অস্ত্রের সঙ্গে মিল রয়েছে।  ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে পুলিশের কাছ থেকে বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ লুট হওয়ার পর সেসব অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লাতেও লুট হওয়া অস্ত্রের সন্ধানে নজরদারি জোরদার করা হয়েছে।

কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, ‘উদ্ধার হওয়া দুটি অস্ত্র ৫ আগস্টের লুট হওয়া পুলিশের অস্ত্র হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রগুলোর উৎস এবং কীভাবে এগুলো এয়াকুবের কাছে এসেছে, সে বিষয়েও তদন্ত চলছে।’

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার এয়াকুবকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কার কাছে দেওয়ার জন্য এগুলো বহন করা হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না—এসব তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে অতীতে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মনোহরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিকেলে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার এয়াকুবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা