× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঙ্গলবার খুলছে সুন্দরবন

কয়রা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৫:৫৮ পিএম

বনজীবীরা ট্রলার ও নৌকা মেরামত ফের সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বনজীবীরা ট্রলার ও নৌকা মেরামত ফের সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে বনজীবী, বাওয়ালী ও পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন।

সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষা, বন্যপ্রাণীর অবাধ বিচরণ ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছিল বন বিভাগ।

প্রজনন মৌসুমে বনের নীরবতা রক্ষা ও জলজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর বর্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশাধিকার বন্ধ রাখা হয়। সেই সময়কাল শেষে ১ সেপ্টেম্বর সকাল থেকে বন বিভাগের কয়রা, কাশিয়াবাদ ও বানিয়াখালী ফরেস্ট স্টেশনসহ অন্যান্য কার্যালয় থেকে নিয়ম অনুযায়ী অনুমতিপত্র (পাশ-পারমিট) নিয়ে বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।

এবার মাছ ধরার নৌকার জন্য পাশ ফি ১২ টাকা এবং কাঁকড়া ধরা নৌকার জন্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সহকারী বন সংরক্ষক ও খুলনা রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বন্যপ্রাণীর বংশবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় তিন মাসের এ নিষেধাজ্ঞা সফল হয়েছে। নিয়ম মেনে বনজীবীরা আবার বনে প্রবেশ করতে পারবেন। তবে বনে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার, নদীতে বিষ ঢেলে মাছ শিকার কিংবা প্লাস্টিক বা পলিথিন বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কয়রা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই অঞ্চলে নিবন্ধিত জেলের সংখ্যা ১৩ হাজার ৫২৬ জন। তবে বাস্তব চিত্র ভিন্ন। নিষেধাজ্ঞা চলাকালীন নিবন্ধিত জেলেরা কিছু সরকারি সহায়তা পেলেও, একটি বিশাল অংশের হাজার হাজার নারী-পুরুষ অনথিভুক্ত বনজীবী এই সহায়তা থেকে পুরোপুরি বঞ্চিত ছিলেন। টানা তিন মাস রোজগার বন্ধ থাকায় ধার-দেনা করে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাতে হয়েছে তাদের।

মাছ ধরার নৌকার জন্য পাশ ফি ১২ টাকা এবং কাঁকড়া ধরা নৌকার জন্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রাক্কালে উত্তর বেদকাশী, ৪ নম্বর কয়রা, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন ও মহেশ্বরীপুর নদীসংলগ্ন এলাকা ঘুরে দেখা গেছে ব্যাপক প্রস্তুতি। বনজীবীরা ট্রলার ও নৌকা মেরামত, কেউ আলকাতরা লাগানো, পুরাতন জাল সারাই এবং কেউ আবার নতুন জাল গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন।

সুতির অফিস এলাকার বনজীবী রেজাউল ইসলাম বলেন, “তিন মাস রোজগার বন্ধ থাকায় পরিবার নিয়ে খুব কষ্টে দিন কেটেছে। ধার-দেনা করে চলতে হয়েছে। কাল থেকে বনে যাওয়ার অনুমতি পাব শুনে হাঁফ ছেড়ে বেঁচেছি। আশা করছি এবার নদীতে ভালো মাছ ও কাঁকড়া পাওয়া যাবে”।


এদিকে পর্যটকদের বরণ করতে প্রস্তুত রয়েছেন স্থানীয় ট্যুর অপারেটর ও বোট মালিকরা।

কয়রা কাটকাটা বোট মালিক সমিতির সভাপতি এনামুল কবির রিপন বলেন, “দীর্ঘ তিন মাস পর্যটকবাহী বোট ও ট্রলার বন্ধ থাকায় আমরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছিলাম। বোটের কর্মচারীদের বেতন ও রক্ষণাবেক্ষণের খরচ মেটাতে গিয়ে অনেক ঋণ করতে হয়েছে। আগামীকাল থেকে সুন্দরবন খুলছে শুনে বোটগুলো ধোয়ামোছা ও মেরামতের কাজ শেষ করে আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আশা করছি, এই মৌসুমে ভালো সংখ্যক দেশি-বিদেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করবেন এবং আমাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারব”।

অন্যদিকে, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “সুন্দরবনের পরিবেশ রক্ষা করতে গিয়ে উপকূলের মেহনতি মানুষগুলো যেন অনাহারে না থাকে, তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তিন মাসের এই নিষেধাজ্ঞায় প্রায় এক লাখ নিবন্ধিত ও অনিবন্ধিত বনজীবী ও ট্রলার শ্রমিকদের পরিবার চরম সংকটে পড়ে। ভবিষ্যতে যেন এই নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে এক মাস করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলব”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা