× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় মধ্যরাতে মাদরাসা থেকে ২ শিশু শিক্ষার্থী নিখোঁজ

কুমিল্লা অফিস

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ০৮:১৯ এএম

সাফওয়ান সাবিদ ও ইব্রাহিম ফারহান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সাফওয়ান সাবিদ ও ইব্রাহিম ফারহান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মাদরাসা থেকে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

মাদরাসার আবাসিক ভবন থেকে শনিবার রাত ১২টায় তারা বের হয়ে যাওয়ার পর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- দেবীদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার বাসিন্দা ওমর ফারুকের ছেলে সাফওয়ান সাবিদ (১২) এবং লালমাই উপজেলার হাজতখোলা ইউনিয়নের শিকারপুর গ্রামের আবুল কালামের ছেলে ইব্রাহিম ফারহান (১১)। সাফওয়ান মাদরাসার চতুর্থ শ্রেণির এবং ইব্রাহিম তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় রবিবার লিখিত অভিযোগ করেছেন মাদরাসার সিনিয়র শিক্ষক মো. আলী আজগর জুয়েল।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে পড়াশোনা ও রাতের খাবার শেষে অন্য আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ঘুমিয়ে পড়ে সাফওয়ান ও ইব্রাহিম। পরে মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা শিক্ষার্থীদের ঘুমিয়ে পড়া নিশ্চিত করে প্রধান ফটকে তালা দিয়ে ঘুমাতে যান। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ফজরের নামাজের জন্য শিক্ষার্থীদের ঘুম থেকে ওঠাতে গিয়ে শিক্ষকরা দেখতে পান, সাফওয়ান ও ইব্রাহিম তাদের শয্যায় নেই।

পরে মাদরাসার বিভিন্ন কক্ষ ও আশপাশের এলাকায় খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। এ সময় প্রধান ফটক খোলা অবস্থায় দেখতে পান তারা। পরে মাদরাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়।

অভিযোগে উল্লেখ থাকে যে, ফুটেজে দেখা গেছে, রাতে অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকার সময় দুই শিশু একজন শিক্ষকের কাছ থেকে চাবি নিয়ে প্রধান ফটকের তালা খুলে বাইরে বের হয়ে যায়। খবর পেয়ে দুই শিশুর অভিভাবকরা মাদরাসায় আসেন।

তারা জানান, শিশুরা বাড়িতেও যায়নি। এরপর মাদরাসার শিক্ষক, অভিভাবক ও স্বজনরা টমছমব্রিজসহ নগরীর বিভিন্ন এলাকায় এবং সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি।

মাদরাসার পক্ষ থেকে করা অভিযোগে বলা হয়েছে, দুই শিশু মাদরাসার বাইরে যাওয়ার পর কোনো ব্যক্তি বা ব্যক্তিরা তাদের প্রলোভন দেখিয়ে কিংবা জোর করে অন্য কোথাও নিয়ে যেতে পারে বলে পরিবারের সদস্যদের আশঙ্কা রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মাদরাসার অধ্যক্ষ ফরিদ আহাম্মদ বলেন, “রাতে তারা একজন শিক্ষকের পকেট থেকে চাবি নিয়ে তালা খুলে বাইরে বের হয়ে যায়। এ ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি। হোস্টেলের দায়িত্বে জাকারিয়া ও খলিল নামে দুজন ছিলেন। তারা তখন ঘুমিয়ে ছিলেন। সিসিটিভির ফুটেজ দেখে আমরা বিষয়টি জানতে পারি। এরপর পুরো শহরে তাদের খোঁজ করা হয়েছে।”

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। নিখোঁজ দুই শিশুর সন্ধানে পুলিশ কাজ করছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা