প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২২:৪৯ পিএম
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে দুই দিনব্যাপী ‘এডপ্ট এ কমিউনিটি’ কার্যক্রম পরিচালনা করেছে এমবিআইটি ভলান্টিয়ার্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বন্যা ও বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, স্যানিটেশন, প্লাস্টিক দূষণ হ্রাস ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে দুই দিনব্যাপী ‘এডপ্ট এ কমিউনিটি’ কার্যক্রম পরিচালনা করেছে মিস বাংলাদেশ ইন-ট্রেনিংয়ের (এমবিআইটি) এমবিআইটি ভলান্টিয়ার্স।
রিজুভা ওয়েলনেস ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশেরর সহযোগিতায় ২৭ ও ২৮ আগস্ট এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথম দিন চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে স্যানিটেশন ও প্লাস্টিক দূষণ বিষয়ে সচেতনতামূলক উপস্থাপনা, সঠিকভাবে হাত ধোয়া ও দাঁত ব্রাশ করার প্রদর্শনী, স্যানিটেশন কিট ও পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ এবং বিদ্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল। বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির এ উদ্যোগে তিনি সহযোগিতা করেন।
স্যানিটেশন শিক্ষার গুরুত্ব তুলে ধরে ডা. তৌহিদা রহমান ইরিন বলেন, ‘স্যানিটেশনের বিষয়গুলো খুব সাধারণ মনে হলেও শিশুদের সঠিক পদ্ধতিগুলো শেখানো জরুরি। তারা এগুলো সঠিকভাবে শিখলে নিজের পরিবারের সদস্যদেরও শেখাতে ও সচেতন করতে পারবে।’
এরপর ২৮ আগস্ট দক্ষিণ বিল জামে মসজিদ, খামারপাড়া, ৬ নম্বর ওয়ার্ড, চৌফলদন্ডী ইউনিয়নে দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ দিন ‘এডপ্ট এ কমিউনিটি’ কর্মসূচির আওতায় পরিষ্কার করার পাশাপাশি নির্দিষ্ট ড্রেন ও খালের পরিচ্ছন্নতার দায়িত্ব নিতে আগ্রহী স্থানীয় বাসিন্দাদের তথ্য সংগ্রহ করা হয়। নিয়মিত খাল পরিষ্কার রাখা ব্যক্তিদের উৎসাহিত করতে পুরস্কারের বিষয়েও প্রচারপত্র বিতরণ করা হয়।
এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে কীভাবে পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠানে পৌঁছানো যায়, তা নিয়ে আলোচনা করা হয়। মসজিদে ধর্মীয় ও সামাজিক নেতাদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হয়।
এমবিআইটি ভলান্টিয়ার্সের ভারপ্রাপ্ত সভাপতি মো. জুনাত হোসাইন মৃধা বলেন, ‘মিরপুর কালশীর পর এটি আমাদের দ্বিতীয় এডপ্টেড কমিউনিটি। বন্যার ঝুঁকি এবং বন্যা-পরবর্তী ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ কমাতে স্থানীয়ভাবে বাস্তবায়নযোগ্য সব ধরনের পদ্ধতি প্রয়োগের চেষ্টা করছি।’
দুই দিনের কর্মসূচির নেতৃত্ব দেওয়া মোহাম্মদ শাহিন বলেন, ‘প্রতিবছর আমরা বন্যার মুখোমুখি হই। বন্যার পর অনেক শিশু চর্মরোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়। আমাদের কমিউনিটিকে আরও সচেতন ও দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলতে এ ধরনের উদ্যোগের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।’
কর্মসূচিতে আংশিক আর্থিক সহযোগিতা করেন এইচএমজেডের রাজ মাহমুদ শাহিন, যিনি স্বেচ্ছাসেবক দলের সঙ্গে কক্সবাজারের কার্যক্রমেও অংশ নেন। তিনি বলেন, ‘এই উদ্যোগের অংশ হতে পেরে খুব ভালো লেগেছে। প্লাস্টিক দূষণ কমানো অত্যন্ত জরুরি। তা না হলে প্লাস্টিক বর্জ্য ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দেবে এবং আমাদের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করবে।’
কর্মসূচিতে উপস্থিত থেকে সহযোগিতা করেন চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য গোলজার বেগম। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা ও কমিউনিটি পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে তিনি এমবিআইটি ভলান্টিয়ার্সের সঙ্গে সহযোগিতা করেন।
এমবিআইটির প্রতিষ্ঠাতা ড. নিলুফার ইসলাম বলেন, ‘এই কমিউনিটির জন্য বাস্তবসম্মত সমাধান তৈরির সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা। কারণ এখানকার মানুষের বর্জ্য ফেলার জন্য উপযুক্ত কোনো জায়গা নেই।’
তিনি আরও বলেন, ‘সম্ভাব্য দাতা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, যাতে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে পুনর্ব্যবহার করা যায় এবং জৈব বর্জ্যের জন্য অন্তত একটি সহজ কম্পোস্টিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়। মানুষকে যেখানে-সেখানে বর্জ্য না ফেলতে বলার পাশাপাশি তাদের একটি বাস্তবসম্মত বিকল্প ব্যবস্থাও দিতে হবে।’
‘এডপ্ট এ কমিউনিটি—টিম কক্সবাজার’-এর স্বেচ্ছাসেবক দলে ছিলেন মোহাম্মদ শাহীন, জুনাত হোসাইন মৃধা, আল নাহিয়ান ফাহিম, খালেকুজ্জামান ,কানিজ ফাতেমা, রিম রিয়া, মো. তারেক, খালেদ সুলতান তাহের, আজিজুল হক চৌহিদ, তায়্যিবা আক্তার, রাজ মাহমুদ শাহীন ও রাকিব হাসান।