লালমনিরহাট প্রতিবেদক ও রংপুর অফিস
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২১:০৭ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রবিবার তিস্তা ব্যারেজ এলাকায় গিয়ে পানি বণ্টন, সেচব্যবস্থা ও বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এদিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নে অবস্থিত তিস্তা অবসর রেস্ট হাউজে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত।
রেস্ট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন রাষ্ট্রদূত। সভায় তিস্তা ব্যারেজের পরিচালনা কার্যক্রম, পানি বণ্টন ব্যবস্থা, সেচের জন্য পানির সরবরাহ এবং উত্তরাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তিস্তা নদী ও ব্যারেজকেন্দ্রিক বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। পরে তিনি তিস্তা ব্যারেজের মূল সেতু পায়ে হেঁটে পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় পাউবোর মহাপরিচালক রুহুল আমিন, উত্তরাঞ্চল রংপুরের প্রধান প্রকৌশলী ড. সরফরাজ বান্দ, রংপুর সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান, ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চন্দ্র, হাতীবান্ধা উপজেলা ইউএনও দীপজন মিত্র ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান উপস্থিত ছিলেন।
রংপুরে গরুর খামার ও তেলের ঘানি পরিদর্শন :
রংপুরের গঙ্গাচড়ায় গরুর খামার, দুগ্ধ উৎপাদন ও ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত। রবিবার সকালে উপজেলার বেতগাড়ি ইউনিয়নের খাপরিখাল এলাকায় প্যারাগন ডেইরি ফার্ম পরিদর্শন করেন তিনি।
খামারে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উন্নত জাতের প্রায় ১ হাজার ২০০ গরু পালনের কার্যক্রম ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি গাভির পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত জাতের গরুর প্রজনন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে মার্কিন রাষ্ট্রদূত উপজেলার বেতগাড়ি ইউনিয়নের চন্দনের হাটে গিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন। সেখানে সরিষা থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।